উচ্ছেদ করা মাদকের আড্ডার জায়গায় এক মাসের মধ্যে হবে খেলার মাঠ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:১৮ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ফরিদাবাদ আইজি গেট এলাকায় উচ্ছেদ করা মাদকের আড্ডার জায়গায় আগামী এক মাসের মধ্যে খেলার মাঠ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ফরিদাবাদ সংলগ্ন বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ এবং ফুটপাত ও রাস্তার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

আরও পড়ুন: উত্তরা ফ্লাইওভারে মুমূর্ষু অবস্থায় ৯ মাসের শিশু উদ্ধার, চিকিৎসার ব্যবস্থা পুলিশের

ডিএসসিসি প্রশাসক বলেন, ৪৭ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ আইজি গেট এলাকায় প্রায় ৪৮ থেকে ৫০ বছর ধরে সরকারি জায়গা দখল করে অবৈধ বস্তি গড়ে তোলা হয়েছিল। জায়গাটি দীর্ঘদিন ধরে মাদকের আড্ডা ও বিক্রির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।

উচ্ছেদ অভিযানের পর জায়গাটি মাদকমুক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ এবং সংলগ্ন এলাকায় একটি নতুন রাস্তা নির্মাণ করা হবে। জায়গা পর্যাপ্ত থাকলে একটি কমিউনিটি সেন্টার নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১

আবদুস সালাম বলেন, আগামী এক মাসের মধ্যে খেলার মাঠ নির্মাণ শেষ করে তিনি নিজেই সেটি উদ্বোধন করবেন। উচ্ছেদ অভিযানে সহযোগিতার জন্য ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

এলাকার তরুণ সমাজ ও স্থানীয় বাসিন্দাদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক।

তিনি বলেন, মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। প্রশাসন ভালো উদ্যোগ নিলে এবং এলাকার মানুষ ঐক্যবদ্ধ থাকলে অনেক অসম্ভব কাজও সম্ভব করা যায়।

পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের পাশে থেকে কাজ করার জন্য বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।

ডিএসসিসি প্রশাসক জানান, বর্তমানে ৪৭ নম্বর ওয়ার্ডে ১১ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। এর সঙ্গে নতুন করে আরও ৪ কোটি টাকার কাজ অনুমোদন দেওয়া হয়েছে। ফলে এ ওয়ার্ডে মোট ১৫ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে।

পরিদর্শনকালে উচ্ছেদ করা জায়গায় নিজ হাতে বৃক্ষরোপণ করেন ডিএসসিসি প্রশাসক। পরে বাংলাদেশ ব্যাংক কলোনিতে লার্ভিসাইডিং কার্যক্রমে অংশ নেন তিনি।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো স্থানে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান, ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।