বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান ডা. বাচ্চু এমপির
পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির সুফল যেন বাড়িভাড়া বৃদ্ধির কারণে ম্লান হয়ে না যায়, সে জন্য বাড়ির মালিকদের প্রতি বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেছেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বেতন বৃদ্ধি করা হয়েছে। এখন তাঁদের বাড়তি আয়ের প্রকৃত সুফল নিশ্চিত করতে বাড়ির মালিকদেরও মানবিক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের ক্ষণিকা সভাকক্ষে শিল্পাঞ্চলের বাড়ির মালিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা।
আরও পড়ুন: পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ডা. বাচ্চু এমপি বলেন, পোশাকশ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে তাঁদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার সুযোগ তৈরি করতে। কিন্তু বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িভাড়াও বাড়ানো হলে শ্রমিকদের বাড়তি আয়ের বড় অংশই ভাড়ার পেছনে চলে যাবে। এতে বেতন বৃদ্ধির প্রকৃত সুফল থেকে তাঁরা বঞ্চিত হবেন। তাই শ্রমিকদের আর্থিক স্বস্তি ও পরিবারের জীবনযাত্রার কথা বিবেচনা করে বাড়িভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, শ্রীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানকার শিল্পকারখানার সঙ্গে লাখো শ্রমিকের পাশাপাশি বাড়ির মালিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবন-জীবিকা জড়িত। শ্রমিকদের ন্যায্য স্বার্থ রক্ষা এবং শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
আরও পড়ুন: নরসিংদী জেলা প্রেসক্লাবের উদ্যোগে দুই সাংবাদিকের বাবা-মায়ের স্মরণে দোয়া মাহফিল
এমপির এ আহ্বানকে শ্রমিকদের বেতন বৃদ্ধির সুফল ধরে রাখা এবং শিল্পাঞ্চলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সাবেক সভাপতি মো. সিরাজ উদ্দিন কাইয়া, সাবেক সভাপতি শাহজাহান ফকির, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শ্রীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার বাড়ির মালিকেরা।





