শাজাহানপুরে পৈতৃক জমির সরিষা নষ্ট ও দখল চেষ্টার অভিযোগ

Shahrier Islam Pallab
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৫২ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

​বগুড়ার শাজাহানপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পৈতৃক সম্পত্তির সরিষা ক্ষেত নষ্ট, দখল চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত আবেদন করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আমিনুল ইসলাম (হাসান) (৩৫) বাদী হয়ে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেন। তিনি উপজেলার মাদলা ইউনিয়নের আড়ানন্দ গ্রামের মৃত বুলু মণ্ডলের ছেলে।

​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, নন্দগ্রাম মৌজার ১৫৩ নম্বর জেএলের ২৪ নম্বর খতিয়ানভুক্ত ১৬৫, ৫৯২, ৪৮৮, ১৬৮, ৩৪৫, ১৫৬৮ ও ৫৩৮ নম্বর দাগের মোট ১ একর ২৬ শতক জমি আমিনুল ইসলাম পৈতৃক সূত্রে মালিক বলে দাবি করেন। দীর্ঘদিন ধরে এ জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন: গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি

​অভিযোগে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে অভিযুক্তরা ওই জমিতে প্রবেশ করে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের সরিষা নষ্ট করে জমিটি দখলের চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে বাদী সেখানে গিয়ে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে জমিতে গেলে প্রাণনাশসহ চরম পরিণতির হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

​এ ঘটনায়,গফুর মণ্ডল (৬০), আঃ কুদ্দুস মণ্ডল (৫৫),আঃ মোত্তালেব (৪৫), সৈকত (২৮),মুরাদ (২৫),আঃ রশিদ সোনার (৬৫) ও মিতু (২০)-সহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে সাক্ষী হিসেবে বিপুল মণ্ডল (৪৫),আঃ আলিম (৪০) ও হেলাল মণ্ডল (৫০)-এর নাম রয়েছে।

আরও পড়ুন: ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করা যাবে না: এমপি মিলন

​বাদী আমিনুল ইসলাম বলেন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে আমি শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)এর হস্তক্ষেপ কামনা করছি।’