আবারও বড় পর্দায় ‘ট্রান্সফরমার্স’, আসছে অষ্টম কিস্তি
দীর্ঘ প্রতীক্ষার পর রুপালি পর্দায় আবারও ফিরতে যাচ্ছে জনপ্রিয় ‘ট্রান্সফরমার্স’ সিনেমা সিরিজ। ফ্র্যাঞ্চাইজিটির নতুন কিস্তি ‘ট্রান্সফরমার্স ৮’ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স।
নতুন এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ‘ট্রান্সফরমার্স’ ফ্র্যাঞ্চাইজিকে নতুনভাবে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সিনেমাটিকে ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আরও পড়ুন: মুম্বাইয়ে রণবীর কাপুরের ‘রামায়ণ’ সেটের কাছে আগুন
নতুন কিস্তির অন্যতম বড় আকর্ষণ হিসেবে থাকছেন ফ্র্যাঞ্চাইজিটির শুরুর দিকের নির্মাতারা। নির্বাহী প্রযোজক হিসেবে ফিরছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। একই সঙ্গে সিরিজটির শুরুর দিকের সফল পরিচালক মাইকেল বেকে আবারও পরিচালকের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
জেসন ফুকসের চিত্রনাট্যে নির্মিত হতে যাচ্ছে ‘ট্রান্সফরমার্স ৮’। সিনেমাটির মূল গল্প বা প্লট এখনো প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, আধুনিক সময়ের প্রেক্ষাপটে সাজানো হয়েছে এর কাহিনি।
আরও পড়ুন: মাত্র ৪৫ মিনিটেই গ্লাস্টনবারি ২০২৭-এর সব টিকিট শেষ
প্যারামাউন্ট পিকচার্স ও স্কাইড্যান্সের যৌথ প্রযোজনায় বড় পরিসরে নির্মিত হবে সিনেমাটি। অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর নতুন এই কিস্তির মাধ্যমে ‘ট্রান্সফরমার্স’ ভক্তদের জন্য নতুন মিশন ও নতুন অভিজ্ঞতা উপহার দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।





