মুম্বাই, গ্রিস, প্যারিস তিনবার প্রস্তাবের পর-সাইফকে ‘হ্যাঁ’ বলেন কারিনা
বলিউডের জনপ্রিয় তারকা জুটি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের প্রেমের গল্প নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনে নানা মুহূর্তে আলোচনায় এসেছেন তারা। এবার নিজেদের প্রেমের গল্পের এক মজার অধ্যায় সামনে আনলেন কারিনা। অভিনেত্রী জানিয়েছেন, তাঁকে বিয়ের প্রস্তাব দিতে সাইফকে তিনবার চেষ্টা করতে হয়েছিল। মুম্বাই ও গ্রিসের পর প্যারিসে গিয়ে সাইফের প্রস্তাবে সম্মতি জানান তিনি।
সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে হাজির হয়ে বিয়ের প্রস্তাব পাওয়ার সেই অভিজ্ঞতার কথা বলেন কারিনা। তাঁর ভাষ্য অনুযায়ী, সাইফ প্রথমে মুম্বাইয়ে তাঁকে বিয়ের প্রস্তাব দেন। এরপর গ্রিসেও একই প্রশ্ন করেন অভিনেতা। তবে শেষ পর্যন্ত প্যারিসেই সাইফের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেন কারিনা।
আরও পড়ুন: আমার কাছে অপরাধী তো এখন আপনারা: পরীমণি
কারিনার এই বক্তব্যের পর মজার ছলে সাইফ বলেন, “তুমি যদি মুম্বাইতেই রাজি হয়ে যেতে, তাহলে আমার অনেক টাকা বেঁচে যেত।” তার এই মন্তব্যে উঠে আসে দম্পতির সম্পর্কের চেনা রসিকতাপূর্ণ দিকটিও।
২০০৭ সালে ‘তাশান’ সিনেমার শুটিংয়ের সময় সাইফ ও কারিনার পরিচয় হয়। সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্কের শুরু। কয়েক বছর প্রেম করার পর ২০১২ সালে মুম্বাইয়ে ঘরোয়া আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।
আরও পড়ুন: পোল্যান্ড-মিশরের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’
নিজেদের ১৪তম বিবাহবার্ষিকী উপলক্ষে শুক্রবার ইনস্টাগ্রামে সাইফের সঙ্গে কয়েকটি পুরোনো ছবি শেয়ার করেন কারিনা। ছবির সঙ্গে তিনি লেখেন, “সূর্যের চারপাশে আরও একটি বছর… বাকি জীবনটা অনন্তকাল।”
কারিনার পোস্টে মন্তব্য করে সাইফ লেখেন, “ভাবছি এসব নিয়ে চাঁদ কী ভাবছে... বিবাহবার্ষিকীর শুভেচ্ছা, প্রিয়”।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি পর্দায়ও একসঙ্গে কাজ করেছেন এই তারকা দম্পতি। ‘তাশান’, ‘কুরবান’, ‘এজেন্ট বিনোদ’ ও ‘ওমকারা’ সিনেমায় তাদের একসঙ্গে দেখা গেছে। দীর্ঘদিনের সম্পর্ক ও দাম্পত্য জীবনের নানা মুহূর্তের মধ্য দিয়ে বলিউডের আলোচিত জুটি হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছেন সাইফ ও কারিনা।





