সহশিল্পীদের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন খায়রুল বাসার

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৫৭ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬
ছবিঃ বাংলাবাজার কোলাজ
ছবিঃ বাংলাবাজার কোলাজ

ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার এখন দর্শকমহলে বেশ পরিচিত একটি নাম। ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ‘সামির’ চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে একাধিক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন এই তারকা। আর পর্দায় সেই রসায়ন থেকেই মাঝেমধ্যে তৈরি হয়েছে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা আলোচনা। 

অভিনেত্রী তানজিন তিশা ও সাদনিমা বিনতে নোমানের সঙ্গে খায়রুল বাসারের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন ছড়িয়েছে। তবে এসব আলোচনার পেছনে বাস্তবতা কী? সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবন, সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক এবং বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা। 

আরও পড়ুন: সাবিলার প্রেমে ডিওপি মামুন, ভাঙনের সুর বেজেছে দুই সংসারে

আলোচনার এক পর্যায়ে সঞ্চালক সরাসরি জানতে চান, তানজিন তিশার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের বিচ্ছেদ কেন হয়েছিল। প্রশ্নটি শুনে অবাক হন খায়রুল বাসার। বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, “ওর সঙ্গে আমার কবে প্রেম ছিল? প্রেম থাকলে তো ব্রেকআপ হবে! তার সঙ্গে আমার আগেও কথা হতো, এখনো কথা হয়। তানজিন তিশা একটু পাগলাটে, একটু পাগল মানুষ, রেগে যান! কিন্তু খুবই ভালো মানুষ।”

সহশিল্পীদের সঙ্গে কাজ করতে গিয়ে কেন বারবার প্রেমের গুঞ্জনে জড়াতে হয়, এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন এই অভিনেতা। তাঁর ভাষ্য, “আমি সারা দিন নায়িকাদের সঙ্গে কাজ করি। তাহলে নায়িকাদের সঙ্গে গুঞ্জন হবে না তো কার সঙ্গে হবে! আমাকে তো আর কারো সঙ্গে দেখা যাচ্ছে না।”

আরও পড়ুন: তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়িয়ে যেসব আলোচনা হয়েছে, সেগুলোর সত্যতা নিয়েও প্রশ্ন করা হয় খায়রুল বাসারকে। জবাবে তিনি বলেন, “গুঞ্জন মোটেই সত্যি না। কিন্তু এসব গুঞ্জন আমি উপভোগ করি।”

অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে কি না, জানতে চাইলে সরাসরি ‘না’ বলেন খায়রুল বাসার। বিষয়টি ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “আসলে আমি তো ‘না’ বলে দিলেই এটা শেষ হয়ে গেল না। সে আমার সহশিল্পী। সাদনিমা ভীষণ ভালো মানুষ এবং স্পষ্টবাদী।”

অভিনয়জীবনে ব্যস্ততা থাকলেও ব্যক্তিগত জীবনে বিয়ে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই খায়রুল বাসারের। কবে বিয়ের পিঁড়িতে বসবেন, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এখনই এ বিষয়ে ভাবতে পারছেন না। আগে নিজের কাজ ও পারিবারিক দায়িত্বগুলো শেষ করতে চান তিনি। এরপর সময় ও পরিস্থিতি বিবেচনায় বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

পডকাস্টে অভিনেতার বয়স নিয়েও মজার একটি মুহূর্ত তৈরি হয়। সঞ্চালক জানান, উইকিপিডিয়ায় তাঁর বয়স ৪৬ বছর উল্লেখ করা হয়েছে। এ কথা শুনে হাসতে হাসতে খায়রুল বাসার বলেন, “৬৪ দিলেও মন্দ হতো না।”

‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের সাফল্যের পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিয়ে এসেছেন নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’। সম্পর্কের নানা দিক ঘিরে নির্মিত এই ধারাবাহিকেও অভিনয় করছেন খায়রুল বাসার। গত ৭ অক্টোবর চ্যানেল আই ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে এর প্রচার শুরু হয়।

নতুন ধারাবাহিকে খায়রুল বাসারের পাশাপাশি অভিনয় করছেন দীপা খন্দকার, মনিরা মিঠুসহ আরও অনেকে। এ ছাড়া তরুণ প্রজন্মের তানজিম সাইয়ারা তটিনী এবং জ্যেষ্ঠ অভিনয়শিল্পী জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিমকে ঘিরেও দর্শকদের আগ্রহ রয়েছে। আরও রয়েছেন এজাজুল ইসলাম, ফয়জুল ইয়ামিন ও মুকিত জাকারিয়া।

প্রায় এক দশকের অভিনয়জীবনে নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন খায়রুল বাসার। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘রোদ বৃষ্টির গল্প’, ‘গল্পটা থেকে যায়’, ‘জলকৌড়ি’, ‘নাইট গার্ড’, ‘যুগল পাখির প্রেম বাগান’, ‘বাবুই’, ‘শহরে অনেক রোদ’, ‘এক্স=প্রেম’, ‘ভটভটি’ ও ‘গুণপোকা’।

২০১৯ সালে ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’, ‘কাজলরেখা’ ও ‘বনলতা সেন’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘মহানগর’, ‘বোধ’, ‘কাবাডি’ ও ‘নিখোঁজ’ ওয়েব সিরিজ এবং ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সাহস’ ও ‘প্রজন্ম টু’-এর মতো ওয়েব ফিল্মেও দেখা গেছে তাঁকে।

পর্দায় নানা চরিত্রে দর্শকদের মুগ্ধ করা খায়রুল বাসারের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল থাকলেও নিজের বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন, সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে বাস্তব সম্পর্কের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। আপাতত অভিনয় ও পারিবারিক দায়িত্বকেই বেশি গুরুত্ব দিতে চান এই অভিনেতা।