রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
রাজনৈতিক অঙ্গনে কাউকেই বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি তাঁর আস্থা রয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিউজম্যাক্সের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকে বিশ্বাস করি না। রাজনৈতিক বিশ্বের কাউকে আমি বিশ্বাস করি না।’
আরও পড়ুন: দিল্লিতে কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে ও বামপন্থী নেত্রী নেহা বোরাকে
সাক্ষাৎকারে ইসরায়েলের আসন্ন নির্বাচন নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে উপস্থাপক তাঁকে প্রশ্ন করেন, নির্বাচনে তিনি কোনো প্রার্থীকে সমর্থন করছেন কি না।
জবাবে ট্রাম্প জানান, এখন পর্যন্ত তিনি কাউকে সমর্থন করেননি। তবে ভবিষ্যতে কাউকে সমর্থন করতে পারেন। তাঁর দাবি, ইসরায়েলের কর্মকর্তারা চাইছেন, তিনি যেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষে অবস্থান নেন।
আরও পড়ুন: দিল্লিতে ককক্রোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৫ হাজার পুলিশ
ট্রাম্প আরও দাবি করেন, ইসরায়েলের মানুষ তাঁকে জানিয়েছেন, তিনি যদি দেশটির প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতেন, তাহলে ৯৯ শতাংশ ভোট পেতেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েলিরা চান, তিনি যেন নেতানিয়াহুর পক্ষে কথা বলেন। তাঁদের অনেকে তাঁকে বলেছেন, প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি ৯৯ শতাংশ ভোট পেতেন।
নেতানিয়াহুর সঙ্গে নিজের সুসম্পর্কের কথাও উল্লেখ করেন ট্রাম্প। এ সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান প্রসঙ্গেও কথা বলেন তিনি। ইরানে ভবিষ্যতে ‘মাদার অব অল বম্বস’ (এমওএবি) ব্যবহারের সম্ভাবনার কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
এমওএবি যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্রভান্ডারের অন্যতম শক্তিশালী অ-পারমাণবিক বোমা। এর ধ্বংসক্ষমতা অত্যন্ত বেশি হলেও এটি পারমাণবিক বোমা নয়।
সূত্র: টাইমস অব ইসরায়েল





