দিল্লিতে ককক্রোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৫ হাজার পুলিশ

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৩১ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর নয়াদিল্লি ও আশপাশের এলাকায় ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জনশৃঙ্খলা বজায় রাখতে জারি করা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা।

শুক্রবারের (১৬ অক্টোবর) কর্মসূচিকে সামনে রেখে কনট প্লেসের সেন্ট্রাল পার্ক ও রাজীব চক মেট্রো স্টেশনে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেই: ট্রাম্প

বৃহস্পতিবার কনট প্লেসের পালিকা বাজারের সামনে একাধিক বাস রাখতে দেখা যায়। সংসদ মার্গ ও টলস্টয় রোডের মধ্যবর্তী এলাকায় এ ধরনের প্রায় ১৬টি বাস রাখা হয়েছিল। গত সপ্তাহেও সিজেপির একই ধরনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি। চলতি সপ্তাহের শুরুতে দলটির নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে গ্রেপ্তারের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। শুক্রবারের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘লেহরা দো তিরঙ্গা’।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান হিসেবে যন্তর মন্তরকে বাদ দেওয়ার পর কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সমাবেশের ডাক দিয়েছে সিজেপি। এতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেত্রী নেহা বোরা এবং আম আদমি পার্টিও অংশ নিতে পারে বলে জানা গেছে।

এদিকে, বৃহস্পতিবার দিল্লি পুলিশ সাধারণ মানুষকে সেন্ট্রাল পার্কে জমায়েত না হওয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে, নয়াদিল্লি পৌর পরিষদ (এনডিএমসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিজেপির মিছিলের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কারণে শুক্রবার ও শনিবার সেন্ট্রাল পার্ক জনসাধারণের জন্য বন্ধ থাকবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দিল্লি পুলিশের জনসংযোগ কর্মকর্তা (ডিসিপি-প্রো) নেহা যাদব জানান, শান্তি বজায় রাখা এবং সরকারি-বেসরকারি সম্পত্তি ও মানুষের জীবন রক্ষার স্বার্থে কনট প্লেস ও আশপাশের এলাকায় ইতোমধ্যে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

তবে পুলিশ জানিয়েছে, নির্দিষ্টসংখ্যক ব্যক্তিকে উপযুক্ত কোনো স্থানে জাতীয় পতাকা বহন এবং জাতীয় সংগীত গাওয়ার সুযোগ দেওয়া হতে পারে।