সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ১২, তাদের মধ্যে দুই বাংলাদেশি
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
রোববার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (জিএসিএ) এক বিবৃতিতে হতাহতদের এ তথ্য প্রকাশ করা হয়। বিবৃতি অনুযায়ী, শনিবার বিমানবন্দরটিতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত ১২ জনের মধ্যে চারজন সৌদি নাগরিক। এ ছাড়া নিহতদের তালিকায় রয়েছেন বাংলাদেশের দুই নাগরিক এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক।
আরও পড়ুন: হামলার জেরে সাময়িকভাবে বন্ধ রিয়াদ বিমানবন্দর
এ ঘটনায় আহত ৩০৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
হামলায় প্রাণহানির পাশাপাশি সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি
এ ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছে সংস্থাটি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।





