ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে আটক করেছে মুম্বাই পুলিশ। তিনি বলিউড তারকা আমির খানের ভাগ্নে।
শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ‘ককরোচ পার্টি’ আয়োজিত বিক্ষোভে অংশ নিতে গেলে তাকে আটক করা হয়। পরে পুলিশের গাড়ির ভেতর থেকে একটি ছবি প্রকাশ করেন ইমরান খান। ছবিতে আটকের পরও তাকে স্বাভাবিক অবস্থায় দেখা যায়।
আরও পড়ুন: ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে: ককরোচ জনতা পার্টি
এদিকে, রাজধানী দিল্লির যন্তরমন্তরে শনিবার বড় ধরনের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তবে পুলিশ আন্দোলনকারীদের সেখানে পৌঁছাতে দেয়নি। উল্টো ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকেসহ দলটির শীর্ষ নেতাদের দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হয়। তারা এখনো পুলিশের হেফাজতে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মুম্বাই পুলিশ জানিয়েছে, আগস্ট ক্রান্তি ময়দানে কাউকে জমায়েত বা বিক্ষোভ করার অনুমতি দেওয়া হয়নি। কারণ, মুম্বাই হাইকোর্ট শুধু আজাদ ময়দানে বিক্ষোভের অনুমতি দিয়েছেন।
আরও পড়ুন: দিল্লিতে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
তবে বিক্ষোভকারীদের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে কর্মসূচি পালনের অনুমতি চেয়ে তারা পুলিশের কাছে ই-মেইল করেছিলেন। কিন্তু এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি।
এদিকে দিল্লিতে আন্দোলনরত তরুণদের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ভারতের তরুণরা, তোমাদের নিয়ে আমি গর্বিত। আন্দোলন অব্যাহত রাখো। আমরা তোমাদের পাশে দাঁড়াচ্ছি।”
সূত্র: এনডিটিভি





