ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৫৮ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এডিস মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিককে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন: ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের সিদ্ধান্ত, মিশ্র প্রতিক্রিয়া

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। এ জন্য প্রত্যেক নাগরিকের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ভূমিকা রেখেছে। একইভাবে সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে ডেঙ্গুসহ দেশের বিভিন্ন সমস্যার সমাধানেও সফল হওয়া সম্ভব।

আরও পড়ুন: সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, দিলেন নানা দিকনির্দেশনা

ডেঙ্গুতে বিভিন্ন বয়সের মানুষের আক্রান্ত হওয়া ও মৃত্যুর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বজন হারানোর বেদনা অত্যন্ত কষ্টের। সবাই মিলে সামান্য করে দায়িত্ব পালন করলে অনেক মানুষকে ডেঙ্গুর কারণে স্বজন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব।

তিনি জানান, দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইড, রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের সদস্যরা গত প্রায় এক মাস ধরে প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন। তবে ডেঙ্গু প্রতিরোধে এসব উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত ও পারিবারিক অংশগ্রহণ জরুরি।

প্রধানমন্ত্রী বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। ঘরের আনাচকানাচ, বাড়ির আশপাশ, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও আবর্জনা মশার প্রজননের সুযোগ তৈরি করে। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজন।

ডেঙ্গুর টিকার কার্যকারিতা নিয়ে বিভিন্ন পরীক্ষার প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উদ্যোগগুলোর একটি হলো মশার প্রজননস্থল ধ্বংস করা। জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করা গেলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক ব্যক্তি ও পরিবার সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে নিজেদের ঘরবাড়ি, আশপাশ এবং চলাচলের পথে যেসব স্থানে এডিস মশা জন্মাতে পারে, সেসব স্থান পরিষ্কার করতে পারেন।

তিনি আরও বলেন, সরকার তখনই সফল হয়, যখন দেশের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে পারে। তাঁর সরকার জনগণকে সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন সমস্যা সমাধান করতে চায়। সবাই সম্মিলিতভাবে কাজ করলে ডেঙ্গুর প্রকোপ কমিয়ে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।