জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা: মণ্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক
আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে জয়পুরহাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পারুলিয়া মন্দির ও সার্বিক পূজামণ্ডপ এলাকা পরিদর্শন করেছেন ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজামণ্ডপে আসা দর্শনার্থী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে কথা বলে সার্বিক খোঁজখবর নেন।
আরও পড়ুন: মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক ৪৬ বিজিবি
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ২০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, পূর্ববর্তী বছরের ন্যায় এবারও আসন্ন শারদীয় দুর্গোৎসবে সীমান্ত এলাকা ও বিভিন্ন মণ্ডপে কঠোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বিজিবি। গত ১০ নভেম্বর থেকে জেলার সীমান্তবর্তী ও বিভিন্ন উপজেলার পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, তার দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৬৯টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনুমানিক ১৫০ জন বিজিবি সদস্য দিনরাত ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবেন। এর মধ্যে জয়পুরহাট সদর উপজেলার ১৫টি এবং সীমান্তবর্তী এলাকার ৫৪টি মণ্ডপে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরবর্তীতে মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেলে সে অনুযায়ী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যের সংখ্যাও বাড়ানো হবে।
আরও পড়ুন: গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের সশস্ত্র হামলা, আহত ২
বিজিবি অধিনায়ক আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত সহযোগিতা এবং বিজিবির সুদৃঢ় নিরাপত্তার মধ্য দিয়ে জেলার সনাতন ধর্মাবলম্বীরা সম্পূর্ণ আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করতে পারবেন।





