জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১৩৯, নিখোঁজ ৮৪
আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৮৪ জন। নিহতদের মধ্যে ১৫টি শিশুও রয়েছে।
রোববার (১১ অক্টোবর) জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলা
এক বিবৃতিতে আইওএম জানায়, বেঁচে যাওয়া ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে থেকে শুক্রবার ভোরের মধ্যে জিবুতির পূর্ব উপকূলের গুহেরে এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানটি এডেন উপসাগরে বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি।
নৌকাটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিলেন। এটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ৮০ জনের বেশি ব্যক্তি সবাই ইথিওপিয়ার নাগরিক বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে জিবুতির অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ওমান উপকূলে ট্যাংকারে ড্রোন হামলা, দুই ভারতীয় নাবিক নিখোঁজ
জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেকজান্দ্রে কোয়িসাক বলেন, দুর্ঘটনাস্থলে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন সংস্থাটির কর্মীরা। তারা জরুরি সহায়তা দিচ্ছেন। প্রাণহানির ঘটনায় গভীর শোকও প্রকাশ করেন তিনি।
কোয়িসাক জানান, নিহতের ১৩৯ জনের যে সংখ্যা প্রকাশ করা হয়েছে, তা জিবুতির কর্তৃপক্ষের দাফন করা মরদেহের হিসাব। অভিবাসীদের কেউ কেউ নিজেরাই মরদেহ দাফন করেছেন। কর্তৃপক্ষ সেগুলো যাচাই করার পর সরকারি হিসাবে যুক্ত করা হতে পারে।
তিনি আরও বলেন, অর্থনৈতিক সুযোগ ও উন্নত জীবনের আশায় অভিবাসীরা এই পথে যাত্রা করেন। কিন্তু এ দুর্ঘটনা তাদের যাত্রাপথে থাকা ভয়াবহ ঝুঁকির বিষয়টি আবারও সামনে এনেছে।
ঝুঁকি নিয়েও ইয়েমেনের পথে অভিবাসীরা
জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী বাব আল-মান্দেব প্রণালি আফ্রিকার হর্ন অঞ্চল থেকে আসা অভিবাসীদের জন্য একটি পরিচিত যাত্রাপথ। সবচেয়ে সরু অংশে প্রণালিটির প্রস্থ প্রায় ২০ কিলোমিটার। উপসাগরীয় দেশগুলোতে কাজের সুযোগ ও নিরাপত্তার আশায় প্রতি বছর হাজারো মানুষ এই বিপজ্জনক পথ পাড়ি দেন।
তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং ইয়েমেনে সংঘাত আবারও বেড়ে যাওয়ায় অভিবাসীদের ঝুঁকি আরও বাড়ছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ এবং গত মাসে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি যোদ্ধাদের মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ার পরও অনেকে এই পথে যাত্রা করছেন।
আইওএমের তথ্য অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর থেকে জিবুতিতে ইথিওপিয়া থেকে আসা অভিবাসীদের প্রবেশের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। গত বছরও পাঁচ লাখের বেশি মানুষ এই পথ ধরে ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় অন্তত ৯০০ জন নিহত হন অথবা নিখোঁজ হন বলে জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে, জিবুতি শুধু অভিবাসীদের ইয়েমেন যাওয়ার পথই নয়, সংঘাতের কারণে ইয়েমেন থেকে পালিয়ে আসা বহু মানুষের আশ্রয়স্থলও হয়ে উঠেছে। ফলে দেশটি একই সঙ্গে অভিবাসীদের যাত্রাপথ এবং সংঘাত থেকে পালিয়ে আসা মানুষের গন্তব্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সূত্র: আলজাজিরা





