শরীয়তপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০১ পূজামণ্ডপে আনসার সদস্য মোতায়েন
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করতে শরীয়তপুরে ১০১টি পূজামণ্ডপে ৬৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে। তারা আগামী ২২ অক্টোবর পর্যন্ত পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। অন্যান্য জেলার ন্যায় শরীয়তপুরে ছয়টি উপজেলায় অনুষ্ঠিত হবে এ উৎসব। নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মণ্ডপ গুলোতে আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে পিসি ২২ জন এপিসি ১০১ জন পুরুষ ভিডিপির সদস্য ৩২৫ জন মহিলা ২০২ জন।
আরও পড়ুন: মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক ৪৬ বিজিবি
শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মো. ফারুক ইসলাম জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়ের দিক নির্দেশনায় ( ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর) পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার ছয়টি উপজেলার ১০১টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়াও শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ২২টি পূজামণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আটজন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ ৩৭টি ও সাধারণ ৪২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের সশস্ত্র হামলা, আহত ২
এ সময় তিনি আরো জানান, শরীয়তপুর জেলায় যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য স্ট্রাইকিং ফোর্স ব্যাটালিয়ন আনসার টিম প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তায় সর্বত্র কাজ করবেন।





