শাজাহানপুরে দুর্গাপূজা মণ্ডপে অনুদান, অসহায় নারীদের শাড়ি দিলেন শাহিন আহমেদ
শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে বগুড়ার শাজাহানপুরে পূজামণ্ডপে আর্থিক অনুদান এবং অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেছেন স্থানীয় বিএনপি নেতা ও সমাজসেবক মো. শাহিন আহমেদ। ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে বগুড়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের বেজোড়া উত্তর হিন্দুপাড়া শ্রী শ্রী দুর্গামণ্ডপে এসব সহায়তা দেন তিনি।
মো. শাহিন আহমেদ ২১ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক এবং বেজোড়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। আসন্ন কাউন্সিলর নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার প্রত্যাশী এই বিএনপি নেতা পূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন তিনি।
আরও পড়ুন: নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শরীয়তপুরের ৫ ব্যবসায়ী নিহত
উৎসবের আনন্দ অসহায় মানুষের সঙ্গে ভাগ করে নিতে এলাকার দরিদ্র ও দুস্থ সনাতন ধর্মাবলম্বী নারীদের বাড়িতে গিয়ে শাড়ি ও উপহারসামগ্রী বিতরণ করেন শাহিন আহমেদ। তাঁর এ উদ্যোগে পূজার আনন্দে নতুন মাত্রা যোগ হয়েছে বলে জানান স্থানীয়রা।
এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে শাহিন আহমেদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। যুগ যুগ ধরে এ দেশের সব ধর্মের মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করে আসছেন। দুর্গাপূজা শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উৎসব নয়, বরং এটি সবার আনন্দ ভাগাভাগি করার উপলক্ষ।
আরও পড়ুন: সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪, উদ্ধার ইয়াবা
তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাঁরা সবসময় সচেষ্ট। ভবিষ্যতেও সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় ২১ নম্বর ওয়ার্ডের উন্নয়ন এবং এলাকার মানুষের সেবায় কাজ করার আগ্রহ প্রকাশ করে ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন শাহিন আহমেদ। শাহিন আহমেদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজায় অংশ নেওয়া ভক্তরা। তাঁরা এ মানবিক সহায়তার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি এবং পূজা উদ্যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।





