নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Shahrier Islam Pallab
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:০০ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নানা বাড়িতে বেড়াতে এসে আর বাড়ি ফেরা হলো না শিশু রাহিমের। পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে নেমে তলিয়ে যায় সে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া গ্রামে সিরাজ ব্যাপারীর বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আরও পড়ুন: নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শরীয়তপুরের ৫ ব্যবসায়ী নিহত

নিহত মো. রাহিমের বাবা মো. ইয়াসিন। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন তাঁরা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে বাবা-মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে রাহিম। মঙ্গলবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা বাড়ির পুকুরে মাছ ধরতে নামেন। এ সময় সবার অজান্তে রাহিমও পুকুরের পানিতে নামে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪, উদ্ধার ইয়াবা

পরে দ্রুত শিশুটিকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে নিভে যায় তার প্রাণপ্রদীপ।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহিদ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।