তাহসিফ হত্যা মামলা: নতুন করে তরুণী গ্রেপ্তার, বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘দিশা’ নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। এদিকে মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।
টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে দিশা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। একই দিন দিবাগত রাত থেকে চার দিনের রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
আরও পড়ুন: চার দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ
এর আগে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ দোহা সুমন জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড দেন।
নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধু দীপের সম্পৃক্ততার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া গেছে। তাঁকে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি।
আরও পড়ুন: জামিন পেলেন সাবেক এমপি আখতারুজ্জামান
তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত দীপ তাহসিফের সঙ্গে ছিলেন। ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা জানতে পেরেছেন, দীপ তাহসিফকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। পরে দীপ একা ফিরে এলেও তাহসিফ আর ফেরেননি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপের দেওয়া বক্তব্যেও অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। এসব বিষয়কে কেন্দ্র করে তাঁর প্রতি তদন্তকারীদের সন্দেহ আরও বেড়েছে।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপর দীপকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার লিখিত অভিযোগে তাহসিফের বাবা সরাসরি কাউকে অভিযুক্ত করেননি। বরং ছেলের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। ২৮ বছর বয়সী তাহসিফ গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে নিখোঁজ হন। পরদিন বুধবার বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটের কাছে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।
উত্তরায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাহসিফের বাবা এনায়েতুল করিম জানান, দীপ প্রায়ই তাঁদের বাসায় যাতায়াত করতেন। তবে ঘটনার পর দীপের দেওয়া তথ্যে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে বলে তাঁর অভিযোগ।
এনায়েতুল করিম বলেন, পিবিআইয়ের কাছে দীপ স্বীকার করেছেন, তাঁরা টঙ্গীতে গিয়েছিলেন। অথচ তাঁকে দীপ জানিয়েছিলেন, তাহসিফকে তাঁদের বাসার চত্বরে নামিয়ে দিয়ে গেছেন। এ কারণে তাঁর মনে সন্দেহ তৈরি হয়েছে। তবে প্রকৃতপক্ষে কী ঘটেছে বা এর পেছনে কারা জড়িত, তা তিনি জানেন না বলে উল্লেখ করেন।
তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁর বাবা।





