প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন জাহ্নবী

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:৩৯ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রেমের সম্পর্ক নিয়ে এত দিন নানা গুঞ্জন থাকলেও এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রেমিক শিখর পাহাড়িয়াকে জীবনের শেষ ঠিকানা হিসেবে দেখেন তিনি। তবে সম্পর্ক নিয়ে খোলামেলা হতে আপত্তি না থাকলেও বিয়ের জন্য এখনই প্রস্তুত নন এই অভিনেত্রী। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ের পরিকল্পনাও নেই তাঁর।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের তৃতীয় পর্বে অতিথি হয়ে হাজির হন ‘বাওয়াল’ সিনেমার জুটি বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। অনুষ্ঠানে সঞ্চালক করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় শিখরের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে কথা বলেন অভিনেত্রী। পরে অনুষ্ঠানে যোগ দেন জাহ্নবীর ভাই এবং বরুণের বন্ধু অর্জুন কাপুর। 

আরও পড়ুন: কনে সাজে সাদিয়া আয়মান, বিয়ে নাকি অন্য কিছু?

শিখরের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে করণ সরাসরি প্রশ্ন করলে তা এড়িয়ে যাননি জাহ্নবী। অভিনেত্রী জানান, ব্যক্তিগত জীবন নিয়ে সবকিছু প্রকাশ্যে বলতে চান না তিনি। তবে সম্পর্কের বিষয়টি গোপন রাখতে গিয়ে অযথা লুকোছাপা করাও তাঁর পছন্দ নয়। তাঁর মতে, সম্পর্ক নিয়ে অহেতুক রাখঢাক করা বিরক্তিকর।

একপর্যায়ে করণ জানতে চান, শিখরকেই নিজের জীবনের শেষ ঠিকানা বলে মনে করেন কি না জাহ্নবী। উত্তরে অভিনেত্রী ইতিবাচক সাড়া দেন। শিখর সব সময় তাঁর পাশে থেকেছেন—এ বিষয়টিই তাঁর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।   

আরও পড়ুন: শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন শিবা শানু

জাহ্নবী আরও জানান, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক না থাকাকালীনও শিখর তার পাশে দাঁড়িয়েছিলেন। অভিনেত্রীর মা শ্রীদেবীর মৃত্যুর খবর পাওয়ার পর লন্ডনে পড়াশোনা করছিলেন শিখর। সেই সময় পড়াশোনা থেকে প্রায় এক সেমিস্টারের বিরতি নিয়ে মুম্বাইয়ে চলে আসেন তিনি। জাহ্নবীর কাছাকাছি এক বন্ধুর বাড়িতে অবস্থান করেছিলেন, যাতে প্রয়োজনে তাঁর পাশে থাকতে পারেন। শিখরের এই আন্তরিকতা জাহ্নবীর মনে বিশেষ জায়গা করে নিয়েছে।

সম্পর্কের প্রসঙ্গ থেকে বিয়ের বিষয়ে জানতে চান করণ। জবাবে জাহ্নবী জানান, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই তাঁর। আপাতত নিজেদের সম্পর্কের বর্তমান অবস্থান নিয়েই সন্তুষ্ট তাঁরা। চারপাশে একের পর এক সম্পর্ক ভাঙার খবরের মধ্যেও নিজেদের সম্পর্ক নিয়ে তাঁরা স্বচ্ছন্দ বলে ইঙ্গিত দেন অভিনেত্রী।

এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী। ২০২৭ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর বেশ কয়েকটি সিনেমা। রাজ মেহতা পরিচালিত ‘লাগ যা গালে’ ছবিতে টাইগার শ্রফ, বিদ্যুৎ জামওয়াল ও টাবুর সঙ্গে দেখা যাবে তাঁকে। এ ছাড়া ধ্রুব বিক্রমের তামিল সিনেমা ‘জ্যাকি’ এবং অ্যাটলির ‘রাকা’ ছবিতেও অভিনয় করছেন তিনি।

‘রাকা’ সিনেমায় জাহ্নবীর সহশিল্পী হিসেবে রয়েছেন আল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোন ও রাশমিকা মান্দানা। পাশাপাশি শ্রীলীলা ও সিদ্ধার্থ গুপ্তের সঙ্গে উমেশ বিস্ট পরিচালিত একটি রোমান্টিক থ্রিলারেও কাজ করছেন এই অভিনেত্রী।

সূত্র: দ্য ওয়াল