নরসিংদীতে বিপুল পরিমাণ অস্ত্র মাদক ও টাকা উদ্ধার
নরসিংদীর শহরতলী ঘোড়াদিয়া এলাকায় একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, বিভিন্ন ধরনের অস্ত্রের গুলি, মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-১১) নরসিংদী।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ভোর বেলা থেকে সকাল ১১ টা পর্যন্ত ওই বাড়ির পরিত্যক্ত ঘরে এই অভিযান পরিচালিত হয় বলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন এসআরবি-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান।
আরও পড়ুন: অসহায় ইনছেনার পাশে ইউএনও, ঘর নির্মাণে টিন-টাকাসহ সহায়তা
এসময় ১টি বিদেশি রিভলবার, ১টি দেশিয় তৈরি পাইপগান, ১২ রাউন্ড রিভলবারের গুলি, ৬ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, ২১ রাউন্ড ছোট পিস্তলের গুলি, ৬টি ব্ল্যাংক কার্তুজ, ২১ রাউন্ড শটগানের কার্তুজ, ২০ রাউন্ড সীমাযুক্ত শটগানের কার্তুজ, ৯টি চাপাতি ও ছোরা, ৭৫ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ স্কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়। এসআরবি-১১ এর ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার আল মাসুদ খান সংবাদ মাধ্যমকে জানান, এসআরবি-১১ নরসিংদীর একটি দল নরসিংদী শহরের পাশ্ববর্তী চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার একটি বাড়িতে মাদক বিক্রি হচ্ছে। এসময় সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ একটি চৌকস দল ওই বাড়িতে অভিযান চালায়। এসময় ডগ স্কোয়াডও যুক্ত করে অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ সময় ধরে ওই বাড়িতে তল্লাশি পরিচালনাকালে পরিত্যক্ত একটি ঘরে অভিযান চালিয়ে ঘরের ভিতরে জমিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র, মাদক, গোলাবারুদ ও নগদ টাকাগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এসব উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যগুলো এলাকার কোনো চক্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য ওই পরিত্যক্ত ঘরে মজুত করেছিল বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: কিশোরগঞ্জে স্তন ক্যান্সার সেবার বিস্তারে ৫ দফা দাবি





