সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন অভিনয়শিল্পী সংঘ

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:৪৮ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একসময় টিভি, মঞ্চ ও চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করা সমু চৌধুরী এখন মানবেতর জীবনযাপন করছেন। দেশের বিভিন্ন স্থানে শুয়ে-বসে দিন কাটছে এই অভিনেতার। এমনকি কখনো কখনো তাকে মারধরের শিকারও হতে হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার বিভিন্ন ভিডিও। কখনো বাজারে, কখনো মাজারে, আবার কখনো গানের আসরে দেখা যাচ্ছে তাকে। এসব ভিডিও ঘিরে অনেকে ব্লগ তৈরি করছেন, যেখানে তুলে ধরা হচ্ছে অভিনেতার অসংলগ্ন কথাবার্তা। সমু চৌধুরীর এমন দুরবস্থার ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। একই সঙ্গে তার সহকর্মীরাও তার পাশে দাঁড়াতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন।

সম্প্রতি সমু চৌধুরীর মা জয়নব চৌধুরী সংবাদমাধ্যমে জানান, কয়েক বছর ধরেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন সমু চৌধুরী। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তারা। অভিনেতার এমন কঠিন সময়ে পাশে দাঁড়াল অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানালেন, সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ।

আরও পড়ুন: দিলজিতের কনসার্টে ৭০০ মিটারজুড়ে যান চলাচল নিষেধ

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, 'সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। তার পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলাম। আমরা সমু চৌধুরীর পরিবারের অনুমতি পেয়েছি। ইতিমধ্যে প্রসেসিং শুরু হয়েছে। তার পুরো চিকিৎসা আমাদের তত্ত্বাবধানে হবে। সমস্ত খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে।'

প্রথম থেকেই সমু চৌধুরীর অসুস্থতার বিষয়টি পর্যবেক্ষণ করছে অভিনয়শিল্পী সংঘ। প্রায় তিন বছর আগে সমু চৌধুরীর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সে সময় সংগঠনটির সদস্যরা ছুটে গিয়েছিলেন তার পাশে।  রাশেদ মামুন অপু বলেন, ‘প্রথম থেকেই আমরা সমু চৌধুরীর পাশে আছি। গফরগাঁওয়ে সমু চৌধুরীকে অসংলগ্ন অবস্থায় পাওয়া গেলে শিল্পী সংঘ থেকেই ওনাকে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সে সময়ই আমরা চিকিৎসার ব্যাপারে উদ্যোগ নিতে চেয়েছিলাম। কিন্তু তার পরিবার সে সময় রাজি হয়নি।’

আরও পড়ুন: চিত্রনায়ক মান্নার গাড়িতে আগুন, কারাগারে ২