২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার পাঠ্যবই

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:২৩ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন শেষে বইগুলো চূড়ান্ত অনুমোদন পাবে। রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত কমিটির পৃথক দুটি সভায় বইগুলোর অনুমোদন দেওয়া হয়।

চতুর্থ শ্রেণির জন্য অনুমোদিত বই দুটি হলো ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনুমোদন পেয়েছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’।

আরও পড়ুন: ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

চতুর্থ শ্রেণির পাঠ্যবই অনুমোদনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে গুরুত্ব দিলেন ডোনার

ষষ্ঠ শ্রেণির নতুন বই অনুমোদনের সভায়ও প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। এ ছাড়া প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খানসহ জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্যরা সভায় অংশ নেন।