সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ, গুঁড়িয়ে দেওয়া হলো চার চুনা কারখানা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি গ্যাস ব্যবহারের কাজে লাগানো পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর ও প্রতাপেরচর এবং মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল।
আরও পড়ুন: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারত থেকে আসা বাঘের হামলা, আহত ৩
তিতাস গ্যাসের সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মামুনুর রশিদ জানান, অবৈধ গ্যাস সংযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি এসব চুনা কারখানা পরিচালনা করছিলেন। কারখানাগুলোতে ঘণ্টায় প্রায় ২০ হাজার ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হতো। এতে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক্সকাভেটর দিয়ে চারটি কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: কয়রায় বিদ্যুৎ উপকেন্দ্র ভরাটে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে কৃষিজমি
অভিযানের সময় তিতাস গ্যাসের উপসহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান ও জহুরুল ইসলামসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।





