টরন্টো চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য সেরা অভিনেত্রী জাইনীন
আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার বাংলাদেশের সিনেমার অর্জন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া টরন্টো (আইএফএফএসএ) ২০২৬-এ সেরা অভিনেতার (আন্তর্জাতিক ফিচার) পুরস্কার জিতেছেন বাংলাদেশের অভিনেত্রী জাইনীন করিম চৌধুরী।
৮ থেকে ১৮ অক্টোবর কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয় উৎসবটি। উত্তর আমেরিকায় দক্ষিণ এশীয় চলচ্চিত্রের অন্যতম বৃহৎ আয়োজন হিসেবে পরিচিত আইএফএফএসএ, যা সাউথ এশিয়ান স্ক্রিন কাউন্সিল অব কানাডার (এসএএসসি কানাডা) অংশ।
আরও পড়ুন: কক্সবাজারকে নিজের ঘর মনে হয় মিমের
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন। তাঁর অভিনয়ের নির্ভীকতা ও শারীরিক অভিব্যক্তির তীব্রতা বিশেষভাবে তুলে ধরেছেন বিচারকেরা। চরিত্রের অসহায়ত্ব, চাপা ক্ষোভ ও প্রতিবাদের মধ্যে সাবলীলভাবে বিচরণ করার জন্য প্রশংসিত হয়েছেন তিনি। বিচারকদের মতে, নারীত্ব, দমন ও প্রতিরোধের মতো বিষয়গুলো নিয়ে নির্মিত চলচ্চিত্রটির বক্তব্য ফুটিয়ে তুলতে জাইনীনের অভিনয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এর আগে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ প্রদর্শিত হয়েছে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসব এবং টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
আরও পড়ুন: অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’
সমকালীন ঢাকার একটি বিউটি সেলুনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। আন্তর্জাতিক সহ-প্রযোজনায় নির্মিত এই সিনেমায় বাংলাদেশের পাশাপাশি জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে।
ছবিটিতে জাইনীন করিম চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, দামের খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।





