সাইফকে ‘দ্য কুলেস্ট হাজবেন্ড’ বললেন কারিনা, জবাবে কী বললেন অভিনেতা?
বলিউড তারকা সাইফ আলি খানকে ‘বিশ্বের সবচেয়ে কুল স্বামী’ বলে প্রশংসা করেছেন স্ত্রী কারিনা কাপুর খান। স্ত্রীর এমন প্রশংসার জবাবে মজার মন্তব্য করে আলোচনায় এসেছেন সাইফও। সম্প্রতি বাড়িতে ইলেকট্রিক গিটার বাজানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এই অভিনেতা। সেখানেই স্বামী-স্ত্রীর মিষ্টি কথোপকথন নজর কেড়েছে ভক্তদের।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে নীল কুর্তা ও সাদা পাজামা পরা সাইফকে হলুদ রঙের একটি ইলেকট্রিক গিটার বাজাতে দেখা যায়। এ সময় তাঁর সঙ্গে ড্রামসসহ অন্যান্য বাদ্যযন্ত্র নিয়ে কয়েকজন সংগীতশিল্পীও অংশ নেন। নিজের বাড়ির বারান্দায় অ্যাম্প্লিফায়ার ও বাদ্যযন্ত্র দিয়ে ছোট্ট একটি জ্যামিংয়ের আয়োজন করেছিলেন তিনি।
আরও পড়ুন: রোমান্স, রহস্য আর প্রতিশোধের গল্পে আসছে নতুন ৫ কে-ড্রামা
ভিডিওর ক্যাপশনে সাইফ লিখেছেন, ‘ছন্দটা পেয়ে গিয়েছিলাম, তালটা হারিয়ে ফেলেছিলাম, তবুও দারুণ সময় কেটেছে।’
তবে ভিডিওতে সাইফের গিটার বাজানোর দৃশ্যের পাশাপাশি কারিনার মন্তব্যও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। স্বামীর প্রশংসা করে কারিনা লেখেন, ‘বিশ্বের সবচেয়ে কুল স্বামী কে? আমি কি আমার স্বামীর কথা বলতে পারি?’
আরও পড়ুন: আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, যা বললেন স্ত্রী
স্ত্রীর এমন প্রশংসার জবাবে সাইফ রসিকতা করে লেখেন, ‘প্লিজ নজর দিও না।’ তাঁর এই সংক্ষিপ্ত মন্তব্যে স্বামী-স্ত্রীর মিষ্টি রসায়নের আরেকটি দিক ফুটে উঠেছে।
সাইফ ও কারিনার প্রেমের গল্পও বেশ চমকপ্রদ। পাঁচ বছর প্রেমের পর ২০১২ সালে বিয়ে করেন তাঁরা। এর আগে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে কারিনা জানিয়েছিলেন, তাঁকে বিয়ের প্রস্তাব দিতে সাইফকে তিনবার চেষ্টা করতে হয়েছিল। মুম্বাই, গ্রিস ও প্যারিসে প্রস্তাব দেওয়ার পর শেষ পর্যন্ত রাজি হন তিনি। কারিনার সেই বক্তব্যের জবাবে সাইফ মজা করে বলেছিলেন, ‘তুমি যদি মুম্বাইয়েই হ্যাঁ বলে দিতে, তাহলে আমার অনেক টাকা বেঁচে যেত।’
বর্তমানে এই দম্পতির দুই ছেলে—তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান। এ ছাড়া অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে আগের সংসারে সাইফের দুই সন্তান রয়েছেন—অভিনেত্রী সারা আলি খান ও ইব্রাহিম আলি খান।
কাজের ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবনের এমন খুনসুটি দিয়েও প্রায়ই ভক্তদের নজর কাড়েন সাইফ ও কারিনা। এবারও গিটার বাজানোর ভিডিও আর তাঁদের মজার কথোপকথন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে আগ্রহ।





