দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত
সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে দাম্মামগামী ফ্লাইট ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ অক্টোবর রাতে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সহিংসতা ছাড়াই উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন
তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে হবে।





