রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২, আহত আরও ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইজিবাইকচালক রিফাত (২০) ও যাত্রী শাহনাজ বেগম (৫৫)। রিফাত মৈকুলি এলাকার মৃত জসীম উদ্দীনের ছেলে। শাহনাজ বেগম মনির হোসেনের স্ত্রী।
আরও পড়ুন: সম্প্রীতির বাংলাদেশ গঠনে লতা ইউনিয়নের দুর্গাপূজা হয়ে থাকবে অনন্য দৃষ্টান্ত
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে রিফাত পাঁচ যাত্রী নিয়ে রূপসী বাসস্ট্যান্ড থেকে মৈকুলীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক রিফাত ও যাত্রী শাহনাজ বেগমের মৃত্যু হয়। ইজিবাইকে থাকা অন্য তিন যাত্রী আহত হন।পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।





