বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ছেলের

Shahrier Islam Pallab
ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৪০ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাবা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন—তাঁকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন দুই ছেলে। কিন্তু বাবাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন তাঁরাও। বৃহস্পতিবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কালিরহাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন আবদুর রহিম (৪০) ও রাকিব (৩০)। তাঁরা তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাসিন্দা আলম বক্তারের ছেলে।

আরও পড়ুন: সম্প্রীতির বাংলাদেশ গঠনে লতা ইউনিয়নের দুর্গাপূজা হয়ে থাকবে অনন্য দৃষ্টান্ত

স্থানীয় সূত্রে জানা যায়, গাছ কাটার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়েন তাঁদের বাবা। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন দুই ভাই। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দুর্ঘটনায় দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবারটি। বাবাকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের এমন করুণ মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী জানান, তজুমদ্দিন থেকে আত্মীয়ের বাড়িতে গাছ কাটার কাজ করতে বোরহানউদ্দিনের কাচিয়া এলাকায় এসেছিলেন তাঁরা। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।