ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত
সৌদি আরবে বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত রাখার সময়সীমা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ দুই রুটের সব ফ্লাইট বন্ধ থাকবে। রোববার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় অনুযায়ী ৪ নভেম্বর পর্যন্ত এ দুই রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত থাকবে।
তবে সৌদি আরবে যাতায়াতের জন্য যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে বিমান। যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
আরও পড়ুন: স্পিকারের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অন্যদিকে ঢাকা-মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করেছে সংস্থাটি।
আরও পড়ুন: আটকে গেল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন
সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় এসব রুটের যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।





