দুর্গাপূজার নিরাপত্তায় নিরলস কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী: আইজিপি

Shahrier Islam Pallab
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:১৩ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের ফলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।

দুর্গাপূজাকে ঘিরে অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, একটি পক্ষ এ উৎসব নিয়ে অপপ্রচারের চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় পুলিশ সতর্ক রয়েছে। অপপ্রচারকারীদের প্রচেষ্টা নস্যাৎ করে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: অস্ত্রকাণ্ডে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে আইজিপি বলেন, এসব অপরাধের বিরুদ্ধে পুলিশের নীতি ‘জিরো টলারেন্স’। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে মো. আলী হোসেন ফকির আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে আইনের প্রতি শ্রদ্ধাশীল ও আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন: ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী

রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে আইজিপি নারায়ণগঞ্জের আমলাপাড়াসহ আরও কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শংকর কুমার দেসহ পূজা উদ্‌যাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।