গুলশান-বনানীসহ ঢাকার কয়েকটি এলাকায় পরিবর্তন হচ্ছে বিটিসিএলের টেলিফোন নম্বর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৫৩ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গুলশান, বাড্ডা, বারিধারা, মহাখালী, বনানী ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার গ্রাহকদের পুরোনো টেলিফোন নম্বর পরিবর্তন করছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। উন্নত ও আধুনিক টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে পুরোনো নম্বরের পরিবর্তে ১১ ডিজিটের নতুন নম্বর চালু করা হচ্ছে।

বিটিসিএলের মডার্নাইজেশন অব টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক (MoTN) প্রকল্পের আওতায় নতুন স্থাপিত এক্সচেঞ্জের মাধ্যমে পর্যায়ক্রমে এ নম্বর পরিবর্তনের কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: কোটি টাকার ইয়াবাসহ ভাটারায় মা-ছেলে গ্রেপ্তার

বিটিসিএলের তথ্য অনুযায়ী, গুলশান টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন পুরোনো ৮৮৩১××× ও ৮৮৩৭××× সিরিজের নম্বরগুলো নতুন আইপি-ভিত্তিক MOTN AGW এক্সচেঞ্জের ১১ ডিজিটের নম্বর দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে।

নম্বর পরিবর্তনের সময় যথাসম্ভব পুরোনো নম্বরের শেষের ডিজিটগুলোর সঙ্গে মিল রেখে নতুন নম্বর দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বিটিসিএল।

আরও পড়ুন: ঢাকার ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্য প্রত্যাহার

গ্রাহকদের সুবিধার্থে পুরোনো ও নতুন টেলিফোন নম্বরের তালিকা বিটিসিএলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকাটি www.btcl.gov.bd ওয়েবসাইটে দেখা যাবে।

এ ছাড়া নম্বর পরিবর্তনের পর সংশ্লিষ্ট গ্রাহককে ফোন কলের মাধ্যমে নতুন নম্বর জানিয়ে দেওয়া হবে।