নবনিযুক্ত ডিএসসিসি প্রশাসক: সেবা দেওয়ার মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জনই হবে প্রধান কাজ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রীর নিকট যোগদানপত্র পেশ এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তিনি তার কর্মদিবস শুরু করেন।
আরও পড়ুন: রমনা বিভাগের ডিসিকে অপসারণ দাবিতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাকে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশক নিধন এবং ঢাকাকে একটি পরিবেশবান্ধব ‘সবুজ শহর’ হিসেবে গড়ে তোলার সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। দায়িত্ব গ্রহণের পর প্রশাসক জানিয়েছেন, স্বচ্ছতা ও সেবার মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জনই হবে তার মেয়াদের প্রধান লক্ষ্য।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে সরকার গত ২২ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনাব মো. আব্দুস সালামকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ডিএসসিসির পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করে। উক্ত অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন আব্দুস সালাম
আজ নবনিযুক্ত প্রশাসক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নিকট যোগদানপত্র পেশ করেন। পরবর্তী সময়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশক নিধন এবং ঢাকাকে একটি পরিবেশবান্ধব ‘সবুজ শহর’ হিসেবে গড়ে তোলার বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং এ বিষয়ে কর্মপরিকল্পনা জমাদানের নির্দেশনা প্রদান করেন।
এছাড়া প্রশাসক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সাথেও সৌজন্য সাক্ষাৎ করে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। পরে নবনিযুক্ত প্রশাসক শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে নগর ভবনে পৌঁছালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
এই সময় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সেবা প্রদানের মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জনই হবে আমার প্রধান কাজ। ঢাকা মহানগরীতে সমস্যা অনেক, আমি জনগণের সহযোগী হিসেবে এসব সমস্যা সমাধানে কাজ করতে চাই। পরিচ্ছন্ন ঢাকা, মশক নিধনসহ বাসযোগ্য নগরী গড়তে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী আমার ওপর বিশ্বাস রেখে দায়িত্ব দিয়েছেন, এখন কাজের মধ্য দিয়ে আমাকে নগরবাসীর আস্থা অর্জন করতে হবে। আমরা নগরবাসীর অভাব ও অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে পূরণ করার চেষ্টা করব। যেসব বড় সমস্যা আমাদের এখতিয়ারের বাইরে, সেগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব।”
নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি জনবান্ধব ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান।





