সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান, অপসারণ করা হলো অবৈধ স্থাপনা ও দোকানপাট
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
রোববার (২৬ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম।
আরও পড়ুন: রাজধানীতে গুলি-ছুরিকাঘাতে যুবদল কর্মী নিহত, বিএনপি নেতা আহত
অভিযান চলাকালে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে পুরো উদ্যান এলাকা পরিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা, গণপূর্ত অধিদপ্তরের ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে পেট্রোল বোমা বিস্ফোরণ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, জনস্বার্থে এবং সোহরাওয়ার্দী উদ্যানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।





