ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আন্তঃজেলা ডাকাত চক্রের আরও ৩ সদস্য গ্রেফতার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬ | আপডেট: ৯:৪২ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার ওয়ারী থানা এলাকায় সংঘটিত ৫৭ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের আরও ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) রাত আনুমানিক ৩টায় কিশোরগঞ্জ জেলার তাড়াইল এলাকায় অভিযান চালিয়ে ওয়ারী থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।

আরও পড়ুন: কামরাঙ্গীরচরে যুবক খুন, ৪ ঘণ্টার মধ্যেই দুই ঘাতক গ্রেপ্তার

গ্রেফতারকৃতরা হলো— মো. রুবেল (৩৮), মো. মোবারক হোসেন ওরফে শাওন (৩০) এবং আব্দুল্লাহ আল হাসান ওরফে সাকিব ওরফে অজয় (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মে রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ওয়ারী থানাধীন নবাবপুর রোডের রথখোলা মোড়ে স্বর্ণ ব্যবসায়ী হরিপদ পাল ও তার ম্যানেজার ৫৭ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে বাসায় ফেরার পথে সংঘবদ্ধ একটি চক্র তাদের গতিরোধ করে। এ সময় ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাদের তল্লাশির নামে ভয়ভীতি দেখিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরে চোখ-মুখ বেঁধে হত্যার হুমকি দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে কমলাপুর রেলস্টেশন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।

আরও পড়ুন: বিআরটিএ ওয়েবসাইট ক্লোন করে প্রতারণা, ৩ সদস্য গ্রেপ্তার

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ওয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে তদন্তে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ৬ জুন সকালে ইত্তেফাক মোড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রটির ৬ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ডিবি পুলিশের জ্যাকেট, খেলনা পিস্তল, ওয়াকি-টকি, হ্যান্ডকাফ, লাঠি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।=

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর ও তাতীবাজার এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। ওই সময় ছিনতাইকৃত স্বর্ণের মধ্যে ১৭ ভরি গলানো স্বর্ণ, ৬ লাখ ৮০ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

এরই ধারাবাহিকতায় সর্বশেষ অভিযানে আরও ৩ সদস্যকে গ্রেফতার করা হলো। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।