পোশাক খাত থেকেই আসে রপ্তানি আয়ের ৮৪ ভাগ

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ন, ২৭ জুন ২০২৪ | আপডেট: ৭:৪৫ অপরাহ্ন, ২৭ জুন ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় সংসদে জানিয়েছেন, দেশের রপ্তানি আয়ের ৮৪ শতাংশের বেশি আসে পোশাক খাত থেকে।

জাতীয় সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য খসরু চৌধুরীর এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আরও পড়ুন: এক দিনের ব্যবধানে আবারও কমল সোনার দাম

বস্ত্রমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে পোশাক খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই খাতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, পোশাকশিল্প মালিকদের কল্যাণে বস্ত্র অধিদপ্তর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। দেশের অভ্যন্তরীণ বস্ত্র চাহিদা পূরণ, রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘বস্ত্র আইন, ২০১৮’ পাস করা হয়েছে।

আরও পড়ুন: আবারও বাড়ল সোনার দাম

বস্ত্রমন্ত্রী জানান, বস্ত্র অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বছরে গড়ে ৫ হাজারেরও বেশি শিক্ষার্থী টেক্সটাইল বিষয়ে পাস করে বের হচ্ছে। পাসকৃত শিক্ষার্থীরা বিভিন্ন দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের চাকরিতে নিয়োজিত হয়ে বস্ত্রখাতে অবদান রাখছে।

বস্ত্রমন্ত্রী আরও বলেন, বর্তমানে বস্ত্র অধিদপ্তরের আওতাধীন ৯টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১৫টি টেক্সটাইল ডিপ্লোমা ইনস্টিটিউট, ৪১টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট চলমান রয়েছে। বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানে সমূহ নতুন নতুন কোর্স সংযোজনের মাধ্যমে এ শিল্পের কারিগরি সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বস্ত্র অধিদপ্তর স্থানীয় এবং বিদেশি বস্ত্রশিল্প প্রতিষ্ঠানের নিবন্ধন প্রদান করছে; যার ফলে এ শিল্পের সম্প্রসারণ ও বিপণন বাড়ছে।

তিনি আরও বলেন, বায়িং হাউজ নিবন্ধনের প্রজ্ঞাপন, ২০১৯ জারি করা হয়েছে এবং সে অনুযায়ী বস্ত্র অধিদপ্তর কাজ করছে। এ পর্যন্ত ১০৮৩টি স্থানীয় এবং বিদেশি বায়িং হাউজ নিবন্ধিত হয়েছে। এ সকল বায়িং হাউজ পণ্যের নতুন বাজার সম্প্রসারণ এবং এ শিল্পের বিকাশে সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছে।