ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীরা

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৪ অপরাহ্ন, ০৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে সয়াবিন ও পাম তেলের দাম আবার বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভোজ্যতেল পরিশোধনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে তারা প্রতি লিটারে ১০ টাকা মূল্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: ২ কোটি লি. সয়াবিন তেল আনছে সরকার: টিসিবি বিক্রি করবে ১৭৯ টাকা

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম বেড়ে ১,২০০ ডলার ছুঁয়েছে। সাম্প্রতিক সময়ে সয়াবিন ও পাম তেলের দাম ১৮-২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এ কারণে তারা দাম সমন্বয়ের প্রস্তাব দিয়েছে।

তবে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ব্যবসায়ীদের প্রস্তাবিত ১০ টাকা মূল্য বৃদ্ধি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করছে।

আরও পড়ুন: তিন দফা বৃদ্ধির পর কমলো জেট ফুয়েলের দাম

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, “ব্যবসায়ীরা যে পরিমাণ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, তা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। আমরা বিষয়টি যাচাই করে বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

এর আগে, গত ১২ আগস্ট পাম তেলের দাম ১৯ টাকা কমিয়ে লিটারপ্রতি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সয়াবিন তেলের দাম তখন অপরিবর্তিত থেকে ১৮৯ টাকা ছিল। এছাড়া, এপ্রিল মাসে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছিল ১৮৯ টাকা ও পাম তেল ১৬৯ টাকায়।

এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১৫ সেপ্টেম্বর থেকে সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে এক শতাংশ উৎসে কর আরোপ করেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এই ব্যবস্থাও ভোজ্যতেলের বাজারে প্রভাব ফেলছে।