পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর
তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে আগামী ৯ নভেম্বর দ্বিতীয় সভা করতে যাচ্ছে নিম্নতম মজুরি বোর্ড। সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পৃথকভাবে মজুরি হারের প্রস্তাব জমা দেবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: মহাখালীর কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের মহড়া
নোটিশ অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচার ৪০ নম্বর ভবনে বোর্ডের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী আয়োজিত এ সভার প্রধান আলোচ্যসূচি হলো তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের কাছ থেকে পৃথকভাবে ন্যূনতম মজুরি হারের লিখিত প্রস্তাব গ্রহণ। পাশাপাশি শিল্পটিতে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে।
আরও পড়ুন: ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
সভায় উপস্থিত থাকার জন্য বোর্ডের নিরপেক্ষ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলে উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধি ও বোর্ডের সদস্য বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সভায় মজুরি হারের প্রস্তাব জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে সংশ্লিষ্ট সদস্যদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।





