জুলাইয়ের রেমিট্যান্স নিয়ে এলো সুখবর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৩:০১ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ৮৩ পয়সা বিনিময় হার অনুযায়ী)। রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সেই তুলনায় চলতি বছরের একই মাসে প্রবাসী আয় বেড়েছে ৩৮ কোটি ১০ লাখ ডলার বা ১৫ দশমিক ৪ শতাংশ।

আরও পড়ুন: তেলের দাম কমতেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী

এছাড়া, সদ্য সমাপ্ত ২০২৫–২৬ অর্থবছরের শেষ মাস জুনে দেশে এসেছিল ২৮২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। সে তুলনায় চলতি অর্থবছরের প্রথম মাসেও রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫–২৬ অর্থবছরে (জুলাই–জুন) বৈধ চ্যানেলে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার। এর আগের ২০২৪–২৫ অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ।

আরও পড়ুন: আবারও বাড়ছে ভোজ্যতেলের দাম

এটি বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং বৈধ চ্যানেলে সহজে অর্থ পাঠানোর সুযোগ বৃদ্ধির ফলে দেশে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় নির্বাহ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।