ইউজিসি অ্যাওয়ার্ড পেলেন গণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফুয়াদ হোসেন

Sanchoy Biswas
মবিনুল ইসলাম রাশা, গবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৪৫ পূর্বাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন ইউজিসি চেয়ারম্যান'স অ্যাওয়ার্ড পেয়েছেন।

গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক আয়োজিত HEAT প্রকল্পের আওতায় প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিনে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: ঢাবি ভর্তি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন এসেছে ৮ জনের

প্রশিক্ষণকালীন সময়ে রাইটিং, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, টিচিং ও লার্নিং-এ যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে তাঁকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এছাড়াও একই দিনে মেধাভিত্তিক মূল্যায়নে মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি, যা তাঁর পেশাগত উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ড. ফুয়াদ হোসেন বলেন, “চার মাসব্যাপী শিক্ষা ও গবেষণা ভিত্তিক প্রশিক্ষণে রাইটিং, অ্যাসাইনমেন্ট, টিচিং, লার্নিং ও প্রেজেন্টেশন দক্ষতার স্বীকৃতি হিসেবে সম্মাননাগুলো পেয়েছি, যা আমার জন্য গর্বের এবং বিশ্ববিদ্যালয়ের জন্যও সম্মানের। HEAT প্রকল্পের আওতায় প্রথমবারের মতো আয়োজিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ ধরনের আয়োজন শিক্ষক হিসেবে আমাদের কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আরও পড়ুন: চবিতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, প্রাণনাশ ও নিরাপত্তাহীনতার শঙ্কা

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য ড. তানজিম উদ্দিন খান, HEAT প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিন, ইউজিসির অন্যান্য পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ড. মো. ফুয়াদ হোসেন ২০১৪ সালে গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে যোগদান করেন। বর্তমানে তিনি বিভাগটির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।