বিশ্ব শিক্ষক দিবস আজ
আজ রোববার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য— ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’।
আরও পড়ুন: জাতীয় কবি’র ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়। ইউনেস্কোর উদ্যোগে এ দিবসটি শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ উদযাপিত হয়।
আরও পড়ুন: গবেষণায় অবদানের স্বীকৃতি, ঢাবির ৬২ শিক্ষক-গবেষককে সম্মাননা
বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে দিবসটি পালিত হচ্ছে। এর মূল আয়োজন করে এডুকেশন ইন্টারন্যাশনাল (EI) ও তাদের সহযোগী ৪০১টি সদস্য সংগঠন। প্রতিবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় শিক্ষকতার গুরুত্ব ও সমাজে শিক্ষকদের অবদানকে স্মরণ করিয়ে দিতে।
দিবসটি উপলক্ষে আজ দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালে অনুষ্ঠিত হবে গুণী শিক্ষক সংবর্ধনা। সেখানে দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হবে। প্রাথমিকভাবে ৩৬ জন শিক্ষককে মনোনীত করা হয়েছিল, যাদের মধ্যে থেকে নির্বাচিত হয়েছেন এই ১২ জন।
এই আয়োজনের মাধ্যমে সমাজে শিক্ষকতার মর্যাদা ও গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ককে আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।





