পরীমণির বায়োপিক নিয়ে নতুন আলোচনা
ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জীবন নিয়ে নির্মিত কোনো বায়োপিকে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, সুযোগ পেলে পরীমণির চরিত্রে অভিনয় করতে চান।
পডকাস্টে দীঘি বলেন, “আমি পরী আপুর বায়োপিক হলে করতে চাই। আমি একটা অনুষ্ঠানে দেখেছিলাম, মনে হয় পরী আপু বলেছিলেন যে ‘আমার বায়োপিক আমিই করব, আর কেউ পারবে না।’”
আরও পড়ুন: আইনি জটিলতার মাঝেই নয়া লুকে সালমান খান
তবে পরীমণির জীবন নিয়ে নির্মিত সম্ভাব্য চলচ্চিত্রকে অত্যন্ত আকর্ষণীয় বলে মনে করেন দীঘি। এ বিষয়ে তিনি বলেন, “আমার মনে হয় তার বায়োপিক যদি হয়, এটা হবে ওয়ান অব দ্য মোস্ট ফাইনেস্ট অ্যান্ড এন্টারটেইনিং বায়োপিক। আমি করতে চাই, এক্স্যাক্টলি।”
দীঘির এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেক নেটিজেন পরীমণির জীবনভিত্তিক চলচ্চিত্র দেখার আগ্রহ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ মনে করছেন, পরীমণির চরিত্রে অভিনয়ের জন্য দীঘি হতে পারেন উপযুক্ত পছন্দ।
আরও পড়ুন: বিশ্বকাপ উন্মাদনায় এক কাতারে অপু বিশ্বাস-বুবলী, দুজনেরই পছন্দ ব্রাজিল
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে দর্শকপ্রিয়তা অর্জন করেন প্রার্থনা ফারদিন দীঘি। পরবর্তীতে নায়িকা হিসেবেও চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। অন্যদিকে অভিনয়, ব্যক্তিজীবন এবং বিভিন্ন ঘটনা-প্রবাহের কারণে পরীমণি বরাবরই আলোচনার কেন্দ্রে রয়েছেন।
এখন দেখার বিষয়, ভবিষ্যতে পরীমণির জীবন নিয়ে কোনো বায়োপিক নির্মিত হলে সেখানে দীঘির এই ইচ্ছা বাস্তবে রূপ নেয় কি না।





