যে কারণে অভিনয় ছেড়ে দিতে চেয়েও ছাড়েননি সামান্থা
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আগামী বছর বিনোদন অঙ্গনে দুই দশকের ক্যারিয়ার পূর্ণ করতে যাচ্ছেন। দীর্ঘ এই পথচলায় নানা সাফল্য পেলেও ক্যারিয়ারের একপর্যায়ে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মূলত মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার পর শারীরিক ও মানসিক নানা চ্যালেঞ্জের মুখে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী।
সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার’-এর সঙ্গে এক আলাপচারিতায় সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন সামান্থা। তিনি জানান, এক বছর বিরতি নেওয়ার পর অভিনয়ের বাইরে অন্য কিছু করার কথা ভাবতে শুরু করেন। চিকিৎসকদের পরামর্শে নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেন। একপর্যায়ে নিজেকে ‘সিরিয়াল উদ্যোক্তা’ হিসেবেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: ভেনিস বিমানবন্দরে অপ্রত্যাশিত ঘটনা, কী ঘটেছিল সুনেরাহর সাথে
সামান্থা জানান, ওই সময় ‘সিটাডেল’-এ অভিনয়ের জন্য তার শুটিং করার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে কাজটি তার জন্য বেশ কঠিন হয়ে পড়েছিল। পুরো শুটিং ইউনিটকে অপেক্ষায় রাখতে চাননি তিনি। অন্যদের সময় নষ্ট হবে—এমন ভাবনা থেকে ক্যামেরার সামনে অভিনয়ের পরিবর্তে ‘মা ইন্তি বঙ্গারাম’ সিনেমাটি প্রযোজনা করার সিদ্ধান্ত নেন। তখন ক্যামেরার সামনে নয়, বরং পর্দার আড়ালেই থাকতে চেয়েছিলেন তিনি।
তবে বর্তমান স্বামী রাজ নিদিমোরু তাকে অভিনয় থেকে সরে যেতে দেননি। সামান্থার ভাষ্য, রাজ তার ওপর গভীর আস্থা রাখতেন। সেটে রাজের উপস্থিতি তাকে নতুন করে আত্মবিশ্বাসী করে তোলে। এমনকি একপর্যায়ে ‘সিটাডেল’ টিমকে কাজটি ছেড়ে দেওয়ার কথা জানিয়ে ই-মেইলও করেছিলেন তিনি। কিন্তু সংশ্লিষ্টরা তার ওপর আস্থা হারাননি।
আরও পড়ুন: যেভাবে কেটেছে চিত্রনায়িকা পপির এবারের জন্মদিন
এদিকে ‘মা ইন্তি বঙ্গারাম’ সিনেমায় অভিনয়ের জন্য সাই পল্লবীও রাজি না হওয়ায় শেষ পর্যন্ত নিজেই সিনেমাটিতে যুক্ত হন সামান্থা। গল্পটির সম্ভাবনা রয়েছে এবং এটি দর্শকদের সামনে আসা উচিত—এমন বিশ্বাস থেকেই সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত নেন তিনি।
২০২২ সালে সামান্থা জানিয়েছিলেন, তিনি মায়োসাইটিস নামের একটি অটোইমিউন রোগে আক্রান্ত হয়েছেন। এই রোগে পেশি দুর্বল হয়ে পড়ে। সে সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজের অসুস্থতার কথা জানিয়ে অভিনেত্রী বলেছিলেন, চিকিৎসকেরা তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার বিষয়ে আশাবাদী।
গত ডিসেম্বরে ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে রাজ নিদিমোরুর সঙ্গে বিয়ে হয় সামান্থার।
তথ্যসূত্র: এনডিটিভি





