‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আলোচিত কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়িয়েছেন। সিনেমাটিতে একজন ব্যারিস্টারের চরিত্রে অভিনয়ের জন্য গত বছর যুক্ত হয়েছিলেন তিনি।
তবে শেষ পর্যন্ত সিনেমাটিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণেই ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন নুসরাত ফারিয়া। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে তিনি জানান, সিনেমাটিতে আর অভিনয় করছেন না।
আরও পড়ুন: মা হওয়াটা আমাকে খুব অস্থির করে তুলেছে: নেহা ধুপিয়া
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান খান। আদালতকেন্দ্রিক গল্পের এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করার কথা ছিল নুসরাত ফারিয়ার।
তবে তার সরে দাড়ানোর পর চরিত্রটিতে কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
আরও পড়ুন: পার্থ শেখ-মালাইকার ‘প্রিয়জন’





