অস্কারে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বাংলাদেশের যে ৫ সিনেমা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৫৫ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অস্কারের ৯৯তম আসরে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের হয়ে লড়াইয়ে নাম লেখাতে যাচ্ছে পাঁচটি সিনেমা। জমা পড়া এসব চলচ্চিত্রের মধ্য থেকে একটি সিনেমাকে চূড়ান্তভাবে নির্বাচিত করবে অস্কার বাংলাদেশ কমিটি। আগামী ২৭ সেপ্টেম্বর জানা যাবে, এবার অস্কারের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে কোন সিনেমাটি।

নির্বাচনের জন্য জমা পড়া পাঁচ চলচ্চিত্র হলো—নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, চলচ্চিত্রগুলোর চূড়ান্ত মূল্যায়ন ও বাছাইয়ের দায়িত্ব পালনের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারপারসন হিসেবে রয়েছেন জহিরুল ইসলাম। সদস্য হিসেবে আছেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

আরও পড়ুন: ব্যাচেলর পয়েন্ট-এ এবার আ খ ম হাসান

বাছাইয়ের জন্য গঠিত এই কমিটিকে ইতোমধ্যে অস্কার কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে।

কমিটির সদস্যরা জমা পড়া পাঁচটি চলচ্চিত্র দেখবেন এবং সিনেমাগুলোর বিভিন্ন দিক মূল্যায়ন করবেন। এরপর সদস্যদের সম্মিলিত মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে একটি চলচ্চিত্রকে বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে পাঠানোর জন্য নির্বাচন করা হবে।

আরও পড়ুন: আসছে দীপা খন্দকারের দুই ধারাবাহিক নাটক

আগামী ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে কোন সিনেমাটি।