ঐশ্বরিয়ার কোন অভ্যাসটি একদমই পছন্দ করেন না শ্বেতা বচ্চন

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩৬ পূর্বাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। পরিবারের সদস্যদের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়েও মাঝেমধ্যে উঠে আসে নানা আলোচনা। কয়েক বছর আগে ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে ঐশ্বরিয়া সম্পর্কে বেশ কিছু ব্যক্তিগত মন্তব্য করেছিলেন অভিষেকের বোন শ্বেতা বচ্চন।

২০১৮ সালে ‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ মৌসুমে ভাই অভিষেক বচ্চনের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন শ্বেতা। অনুষ্ঠানের একপর্যায়ে করণ জোহর তাকে প্রশ্ন করেন—ভাবি ঐশ্বরিয়া রাই বচ্চনের কোন বিষয়টি তার ভালো লাগে, কোনটি অপছন্দ এবং কোন বিষয়টি তিনি মেনে নেন।

আরও পড়ুন: 'বোহেমিয়ান সত্তাটা আমার ভেতরেই আছে' স্টার স্টোরিজ-এ অর্ষা

জবাবে ঐশ্বরিয়ার বেশ কিছু গুণের প্রশংসা করেন শ্বেতা। বিশেষ করে জীবনে নিজের জায়গা তৈরি করা এবং একজন মা হিসেবে তার ভূমিকার প্রশংসা করেন তিনি। তবে ভাবির একটি অভ্যাস যে তাকে বিরক্ত করে, সেটিও অকপটে জানিয়ে দেন শ্বেতা।

শ্বেতা জানান, ঐশ্বরিয়া ফোনকল বা মেসেজের উত্তর দিতে অনেক সময় নেন—বিষয়টি তার একেবারেই ভালো লাগে না। একই সঙ্গে তার সময় ব্যবস্থাপনার বিষয়টিও তিনি মেনে নেন বলে জানান।

আরও পড়ুন: চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি

অনুষ্ঠানের সেই পর্বে ভাই অভিষেক ও ঐশ্বরিয়ার মধ্যে কাকে ভালো অভিনেতা মনে করেন—এমন প্রশ্নের মুখেও পড়েন শ্বেতা। কোনো দ্বিধা না করে তিনি ভাই অভিষেকের নাম নেন। যদিও ঐশ্বরিয়া ইতোমধ্যে ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সনম’ ও ‘জোধা আকবর’-এর মতো সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিকভাবেও পরিচিতি পেয়েছেন।

এদিকে অভিষেককেও সেদিন বেশ মজার একটি প্রশ্ন করেছিলেন করণ জোহর। স্ত্রী ঐশ্বরিয়া ও মা জয়া বচ্চনের মধ্যে কাকে বেশি ভয় পান—জানতে চাইলে অভিষেক দ্রুত উত্তর দেন, ‘মাকে’। কিন্তু সঙ্গে সঙ্গে শ্বেতা ভাইয়ের উত্তরের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, ‘বউকে।’ এতে অনুষ্ঠানে হাস্যরসের পরিবেশ তৈরি হয়। নিজের র‍্যাপিড ফায়ার পর্বে শ্বেতাকে চুপ থাকতে বলেও মজা করেন অভিষেক।

২০০৭ সালে বিয়ের পর অভিষেক ও ঐশ্বরিয়া বলিউডের অন্যতম আলোচিত দম্পতিতে পরিণত হন। ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যা বচ্চনের জন্ম হয়। ‘গুরু’, ‘ঢাই অক্ষর প্রেম কে’, ‘কুছ না কহো’সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন অভিষেক ও ঐশ্বরিয়া।

অন্যদিকে অভিষেকের অভিনয় ক্যারিয়ারে ‘গুরু’, ‘যুবা’, ‘পা’, ‘দিল্লি ৬’, ‘বান্টি অউর বাবলি’ ও ‘ব্লাফমাস্টার’-এর মতো সিনেমা উল্লেখযোগ্য। আর ঐশ্বরিয়া রাইয়ের ঝুলিতে রয়েছে ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘জোধা আকবর’সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্র।