অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:০৪ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। অভিনয়ের পাশাপাশি সামাজিকযোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তিনি। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি। সামাজিকমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। 

নিজের ফেসবুক পোস্টে সাদিয়া আয়মান লেখেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। তার মতো একজন মানুষের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

আরও পড়ুন: আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম

পোস্টে দেশে চাঁদাবাজি ও অশিক্ষিত মানুষের দৌরাত্ম্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সাদিয়া। তার ভাষ্য, ভালো কোনো বিষয় দেখার বা গ্রহণ করার মানসিকতা না থাকায় একটি শ্রেণি অন্যের ভালো কাজকে মেনে নিতে পারছে না।

ঘটনাটিকে লজ্জাজনক আখ্যা দিয়ে তিনি লেখেন, এমন ঘটনার জন্য নিন্দা ও ধিক্কার জানানো উচিত।

আরও পড়ুন: প্রথম প্রেমের গল্পে নিলয়–হিমি

এদিকে সাদিয়ার পোস্টের কমেন্ট বক্সেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। সেখানে নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশে কড়া প্রতিক্রিয়া জানান তিনি। তার দাবি, যাদের উদ্দেশে মূল পোস্টটি দেওয়া হয়েছিল, তাদেরই কেউ কেউ চাঁদাবাজদের পক্ষ নিয়ে মন্তব্য করছেন এবং নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন।

সাদিয়া আরও মন্তব্য করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এসব মন্তব্য ভবিষ্যতেও থেকে যাবে এবং একসময় তাদের পরিবারের সদস্যরাও সেগুলো দেখতে পারেন। এ সময় তিনি মন্তব্যকারীদের আচরণ নিয়েও তীব্র ভাষায় সমালোচনা করেন।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।