রক্ষা নেই অমিতাভ-অভিষেকের! হত্যার হুমকি গ্যাংস্টার গোল্ডি ঢিলোঁর
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকে হত্যার হুমকি দিয়েছেন গ্যাংস্টার গোল্ডি ঢিলোঁ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুম্বাইয়ে তাঁর প্রায় ২০০ সহযোগী সক্রিয় থাকার দাবি করেছেন তিনি। সম্প্রতি তাঁর দুই সহযোগী গ্রেপ্তার হলেও অমিতাভকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা থেকে সরে আসবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই গ্যাংস্টার। বিষয়টি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
গোল্ডি ঢিলোঁর পোস্টে দাবি করা হয়, বিকাশ ঠাকুর ও দীপক সিং নামে দুই সহযোগী পুলিশের হাতে গ্রেপ্তার হলেও তাঁদের পরিকল্পনা থেমে নেই। মুম্বাইয়ে এখনো তাঁর প্রায় ২০০ জন সহযোগী সক্রিয় রয়েছেন। একই পোস্টে শিখ সম্প্রদায় নিয়ে মন্তব্যকারীদেরও হুমকি দেওয়া হয়েছে। সেখানে অমিতাভ ও অভিষেক বচ্চনের নাম উল্লেখ করা হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টটির সত্যতা এবং এতে করা দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: শিল্পীদের সম্মান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব: জয় চৌধুরী
পোস্টে আরও বলা হয়েছে, বুলেটপ্রুফ কাচ কিংবা বাড়তি নিরাপত্তাব্যবস্থা—কোনো কিছুই তাঁদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ তুলে ওই ঘটনার জন্য দায়ীদের ক্ষমা করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এর আগে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং দীপক সিং ওরফে দীপ নামের দুজনকে গ্রেপ্তার করে। পুলিশের ধারণা, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’র বাইরে গুলি চালানোর পরিকল্পনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে। দুজনই পাঞ্জাবের বাসিন্দা।
আরও পড়ুন: সঞ্জীব চৌধুরী স্মরণে বিশেষ কনসার্ট
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পৃথক দুটি হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর মধ্যে দিল্লির এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর পরিকল্পনাও ছিল। অভিযোগ অনুযায়ী, এ কাজের দায়িত্ব পেয়েছিলেন বিকাশ। পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে তিনি মুম্বাই থেকে দিল্লিতে যান। পরে দীপকেরও সেখানে যোগ দেওয়ার কথা ছিল। ব্যবসায়ীকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার সঙ্গে অমিতাভের বাড়িতে হামলার ছকের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এদিকে গত এক মাসে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’য় বোমা হামলার হুমকি দিয়ে তিনটি ইমেইল পাঠানো হয়। এরপর বাড়িটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনকি প্রতি রোববার ভক্তদের সঙ্গে অভিনেতার নিয়মিত সাক্ষাতের আয়োজনেও এসেছে পরিবর্তন।
সাধারণত বাড়ির বাইরে জড়ো হওয়া ভক্তদের উঁচু একটি মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন জানান অমিতাভ। তবে গত ১ নভেম্বর তাঁকে দেখা যায় তিন দিক থেকে বুলেটপ্রুফ কাচে ঘেরা একটি কাঠামোর ভেতরে দাঁড়িয়ে ভক্তদের শুভেচ্ছা জানাতে। নিরাপত্তার এমন কড়াকড়ির মধ্যেই নতুন করে হত্যার হুমকির ঘটনা সামনে এল।





