জনবল সংকটে বিপর্যস্ত স্বাস্থ্যসেবা
দশের স্বাস্থ্য খাতে অবকাঠামোগত উন্নয়ন হলেও প্রয়োজনীয় জনবলের অভাবে কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে জনবল সংকট স্বাস্থ্যসেবাকে ক্রমেই জটিল করে তুলছে। ফলে একদিকে বাড়ছে রোগীদের চাপ, অন্যদিকে সীমিত জনবল নিয়ে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
শুধু তাই নয়, প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাবে অনেক হাসপাতালেই রোগীদের কাক্সিক্ষত সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এ সংকট আরও প্রকট। কোথাও চিকিৎসকের পদ শূন্য, কোথাও নার্সের স্বল্পতা, আবার কোথাও প্রয়োজনীয় কারিগরি জনবল না থাকায় সচল রাখা যাচ্ছে না আধুনিক চিকিৎসা সরঞ্জাম। তবে স্বাস্থ্য খাতের এ সংকটের পেছনে রয়েছে দীর্ঘদিনের নিয়োগ জটিলতা, শূন্য পদ পূরণে ধীরগতি, জনবল পরিকল্পনার ঘাটতি এবং দক্ষ কর্মী ধরে রাখার চ্যালেঞ্জ। অনেক ক্ষেত্রে নতুন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র চালু হলেও প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় সেগুলোর পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে অবকাঠামো থাকলেও তার সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য খাতে শুধু হাসপাতাল নির্মাণ, যন্ত্রপাতি কেনা কিংবা অবকাঠামো উন্নয়ন করলেই মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও অন্যান্য দক্ষ স্বাস্থ্যকর্মী। পাশাপাশি জনবলের সুষম বণ্টন এবং প্রত্যন্ত অঞ্চলে কর্মরতদের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত শূন্য পদ পূরণ, প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টি, নিয়মিত নিয়োগ কার্যক্রম পরিচালনা এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে জনবল বণ্টনে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
জানা গেছে, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের সংকট প্রকট। অনেক হাসপাতালে অযত্নে-অবহেলায় পড়ে আছে কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম। প্রয়োজনীয় জনবলের অভাবে সেগুলোর যথাযথ ব্যবহারও হচ্ছে না। গ্রামাঞ্চলের বহু স্বাস্থ্যকেন্দ্রে মিলছে না প্রয়োজনীয় চিকিৎসাসেবা। এরইমধ্যে উপজেলা ও গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার অবকাঠামো সম্প্রসারণে নেওয়া হচ্ছে দুটি প্রকল্প। অথচ সরকারি স্বাস্থ্য খাতেই চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারের বেশি পদ শূন্য। এর মধ্যে চিকিৎসকের পদই খালি প্রায় সাড়ে ৯ হাজার। এমন পরিস্থিতিতে নতুন হাসপাতাল নির্মাণের পর সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল কোথায় পাওয়া যাবে এবং কীভাবে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০০
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণে ৪৪ হাজার ৭৫৭ কোটি টাকা এবং সমন্বিত গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তুলতে ১১ হাজার ৯৯৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। দুই প্রকল্পে মোট ব্যয়ের পরিমাণ ৫৬ হাজার ৭৫০ কোটি ২৬ লাখ টাকা।
এসব অর্থে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, আবাসিক ভবন ও বিভিন্ন সেবাকেন্দ্র নির্মাণের পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনার পরিকল্পনা রয়েছে। উপজেলা পর্যায়ে আইসিইউ, হৃদরোগ, কিডনি ডায়ালিসিস, স্ট্রোক ও দুর্ঘটনাজনিত আঘাতের চিকিৎসাও চালুর প্রস্তাব করা হয়েছে। তবে নতুন অবকাঠামো নির্মাণের পাশাপাশি বিদ্যমান হাসপাতালগুলোর সক্ষমতা ও জনবল সংকটের সমাধান কতটা গুরুত্ব পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। বর্তমানে সরকারি স্বাস্থ্য খাতের শূন্য পদগুলোই পূরণ করতেই হিমশিম খাচ্ছে সরকার। আবার নতুন প্রকল্পের আওতায় হাজার হাজার স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল নির্মিত হলে সেগুলো পরিচালনার জন্য বিপুলসংখ্যক চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও সহায়ক কর্মী প্রয়োজন হবে। গ্রামীণ পর্যায়ে এসব কর্মী নিয়োগ ও ধরে রাখার পরিকল্পনা কতটা বাস্তবসম্মত, সেটি বড় উদ্বেগ বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সম্প্রতি পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় প্রকল্প দুটির প্রস্তাব মূল্যায়ন করা হয়। একটি প্রকল্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবকাঠামো নির্মাণ, পুনর্র্নিমাণ, উন্নীতকরণ, সংস্কার ও মেরামতের পরিকল্পনা রয়েছে। অন্য প্রকল্পে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সমন্বিত গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। মূল্যায়ন সভায় প্রকল্প দুটির বিভিন্ন ব্যয় যৌক্তিকীকরণ, কেনাকাটার প্রয়োজনীয়তা যাচাই এবং বাস্তবায়ন পদ্ধতি পুনর্বিবেচনার সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পে হাসপাতাল, আবাসিক ভবন ও বিভিন্ন সেবাকেন্দ্র নির্মাণে ১৯ হাজার ৫৬১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এসব স্থাপনার মোট আয়তন হবে প্রায় ৪১ লাখ ৬২ হাজার বর্গমিটার। এ ছাড়া চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে ১২ হাজার ১৫ কোটি ১৫ লাখ টাকা। অর্থাৎ প্রকল্পের বড় একটি অংশ ব্যয় হবে অবকাঠামো নির্মাণ ও চিকিৎসা সরঞ্জাম কেনায়। প্রকল্পের আওতায় ৬০টি সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স বাদে অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এর মধ্যে ২৪টি উপজেলায় সম্পূর্ণ নতুন ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। ১৮টি উপজেলায় ৫১ শয্যা, ৩০৫টি উপজেলায় ১০১ শয্যা এবং ১৩টি উপজেলায় ১২০ শয্যার অতিরিক্ত ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ৮৩টি উপজেলায় জরাজীর্ণ ও ব্যবহার অনুপযোগী ৩১ শয্যার হাসপাতাল ভবন ভেঙে ১৩২ শয্যার নতুন ভবন নির্মাণ করা হবে। ৪৪০টি উপজেলায় বহুতল সমন্বিত সেবাভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আবাসন সুবিধা বাড়াতে ১৯৫টি উপজেলায় চারটি করে আবাসিক ভবন নির্মাণের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে ১১ হাজার ৯৯৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ১৬ হাজার ২৬৫টি স্থাপনা নির্মাণ, পুনর্র্নিমাণ ও সংস্কার করা হবে। এসব স্থাপনার মাধ্যমে নিরাপদ, জলবায়ু-সহনশীল ও টেকসই প্রাথমিক স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটিতে মোট ৫৬ হাজার ২২২ জন জনবলের প্রয়োজন দেখানো হয়েছে। এর মধ্যে নতুন পদ ১৪ হাজার ৬৬১টি। মা ও শিশুস্বাস্থ্য, নারীস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধীদের উপযোগী সেবা, মৌলিক পরীক্ষাগার, ওষুধ সরবরাহ এবং রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে।
জাতীয় সংসদে চলতি বছরের জুনে উপস্থাপিত তথ্য অনুযায়ী, সরকারি স্বাস্থ্য খাতে মোট ২৩ হাজার ২২৩টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে চিকিৎসকের ৯ হাজার ৪০৭টি, নার্সের পাঁচ হাজার ৩২টি এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর আট হাজার ৭৮৪টি পদ খালি। বাংলাদেশ স্বাস্থ্য জনবল কৌশলপত্র ২০২৪-এ স্বাস্থ্যকর্মীর ঘাটতি, অসম বণ্টন এবং বিভিন্ন পেশার মধ্যে ভারসাম্যহীনতাকে স্বাস্থ্য খাতের বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, সরকারি চিকিৎসক ও নার্সদের প্রায় তিন-চতুর্থাংশ শহরাঞ্চলে কর্মরত। ফলে উপজেলা ও গ্রামীণ পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। শহরের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের তুলনামূলক বেশি উপস্থিতি থাকলেও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রয়োজনীয় জনবল পাওয়া যাচ্ছে না।
প্রকল্প দুটির ব্যয় ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে পরিকল্পনা কমিশন। এর মধ্যে প্রচার ও বিজ্ঞাপন খাতে ৩১ কোটি টাকা এবং পরামর্শক খাতে ১৫ কোটি টাকা ব্যয় কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনার সুপারিশ রয়েছে।
এ ছাড়া ২০০টি মোটরসাইকেল কেনার প্রস্তাব এবং চিকিৎসা সরঞ্জামের ব্যয় কারিগরি কমিটির মাধ্যমে যাচাই করতে বলেছে কমিশন। সারা দেশের ৪৪৩টি উপজেলায় একযোগে প্রকল্প বাস্তবায়ন সম্ভব কি না, তা পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাস্থ্য খাতের অবকাঠামো ও যন্ত্রপাতির যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়েও উদ্বেগ রয়েছে। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা দ্রুত করতে হবে।
এদিকে হাসপাতালের অবকাঠামো ও যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কাছে তালিকা চেয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, কোন হাসপাতালের অবকাঠামো বন্ধ, কোন হাসপাতালে যন্ত্রপাতি ব্যবহার হয় না, তার তালিকা দেন। তালিকা পেলে অ্যাকশনে যাব। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জানান, চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এই বরাদ্দ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০১ শতাংশ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির ১ শতাংশ ছাড়িয়েছে। সরকার এই বাজেটকে শুধু অর্থ বরাদ্দ হিসেবে দেখছে না। বরং পাঁচ বছর মেয়াদি স্বাস্থ্য সংস্কার কর্মপরিকল্পনার প্রথম ধাপ হিসেবে বিবেচনা করছে। এ পরিকল্পনায় রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ বলেন, বিদ্যমান হাসপাতালগুলোকে আগে কার্যকর করা প্রয়োজন। স্থানীয় চাহিদা বিবেচনায় নিয়ে হাসপাতাল সম্প্রসারণ করতে হবে। একই সঙ্গে এসব হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত করতে হবে। একইসুরে কথা বলেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো ড. আবদুর রাজ্জাক সরকার।
তিনি বলেন, অসংক্রামক রোগের প্রকোপ বাড়ায় গ্রামাঞ্চলে উন্নত চিকিৎসাসেবার প্রয়োজন রয়েছে। তবে প্রয়োজনীয় জনবল তৈরি না করে নতুন ভবন ও যন্ত্রপাতি স্থাপন করা হলে সেগুলো অব্যবহৃত পড়ে থাকার আশঙ্কা থাকবে।





