হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় বায়ুবাহিত রোগ হাম-এর উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৭ জনের মধ্যে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ১৯ দিনে হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে আক্রান্তের চাপ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৮৭ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে।
এদিকে একই সময়ে নতুন করে ৬০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৬ জনে।
আরও পড়ুন: ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসা নিয়েছে হাজারো শিশু
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে। এতে করে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৯৮ জন সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৪ হাজার ৬২৮ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৫৪ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা, দ্রুত শনাক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছেন।





