দেশজুড়ে বাড়ছে হাম রোগী, হাসপাতালগুলোতে পৃথক ওয়ার্ড চালুর নির্দেশ
দেশজুড়ে হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ নিয়ন্ত্রণ এবং আক্রান্তদের কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়, সরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন চালু করতে হবে। আক্রান্ত রোগীদের ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রোগীর সঙ্গে একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে। একই সঙ্গে ভর্তি রোগীদের তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হাম রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যকর রাখতে হাসপাতালগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।





