হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,১৭৪ নতুন রোগী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ন, ১৯ জুন ২০২৬ | আপডেট: ৯:২৩ অপরাহ্ন, ১৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭৪ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: হাম-রুবেলার টিকা থেকে বাদ পড়া শিশুদের জন্য বিশেষ কর্মসূচি

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৭৪ জন নতুন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছেন। এর ফলে গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৮২ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ৯৬ জনের হাম নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৬৯ জনে।

আরও পড়ুন: ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা দিল ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়সীমায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৫ হাজার ১৫৬ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭১ হাজার ৩৯৬ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যুর ঘটনায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৭ জনে পৌঁছেছে।

তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে ১৮ জুন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৩ জনেই অপরিবর্তিত রয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা, আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।